বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখা টপকে অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণে খতম চার জঙ্গি। পুঞ্চ জেলায় নাঙ্গি টেকরির কাছে এই ঘটনায় নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তোইবার অন্যতম শীর্ষ কমান্ডার মহম্মজ ফৈজান। অন্য তিনজনেরও পরিচয় জানা গিয়েছে। তারা হল, ওয়াকাস, ইশতিয়াক ও আসিম। অনুপ্রবেশ প্রতিরোধের কৌশল হিসাবে মাইন পেতে রাখা হয়েছিল। নিয়ন্ত্রণ রেখা টপকে জঙ্গিরা ভিতরে আসতেই মাইন বিস্ফোরণ ঘটে। অনুপ্রবেশ রুখতে ওই এলাকায় ওই এলাকায় কড়া নজরদারি রাখছে নিরাপত্তা বাহিনী।
জানা গিয়েছে, সোমবার সকালে কৃষ্ণা ঘাটি সেক্টরে সাতওয়াল-নাকি এলাকায় জিরো লাইনের কাছে তীব্র বিস্ফোরণ হয়। পাকিস্তানের দিক থেকে একদল লোক ঢুকে পড়ার পর আইইডি বিস্ফোরণ হয়। প্রথমে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। কোনো সন্দেহভাজন জঙ্গি নিয়ন্ত্রণ রেখা টপকানোর চেষ্টা করেছে কি না, তাও স্পষ্ট ছিল না। বিস্ফোরণের পরই গোটা সেক্টরে সতর্কতা জারি করে নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে নিয়ন্ত্রণ রেখা এলাকায় নজরদারিও জোরদার করা হয়।



