বিজেপি সরকারের বুলডোজার নীতির বিরোধিতায় শিবরাজও, মধ্যপ্রদেশে আদিবাসী উচ্ছেদ, কটাক্ষ কংয়ের
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির জের! রবিবার মধ্যপ্রদেশের বুধনি বিধানসভা এলাকার কোসিমি গ্রামে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় আদিবাসীদের ১২টি ঘর। বুলডোজারের কোপে নষ্ট হয়ে যায় জমির ফসলও। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের এই পদক্ষেপের বিরোধিতায় এবার সরব হলেন স্বয়ং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, সোমবার দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়ান তিনি। রাজ্যের চারবারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘আমার লোকসভা এলাকায় অবহেলা আর অবিচার মাত্রা ছাড়িয়ে গিয়েছে।’ এদিন সকালে তিনি যখন গ্রামে আসেন, তখন মহিলারা ‘মামা’ (দীর্ঘদিন ধরে এলাকায় তিনি এই নামেই খ্যাত) বলে তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেতার সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। প্রতিবাদরত মানুষের সঙ্গে বসেই রাজ্যের মুখ্যসচিব অশোক বারনওয়ালকে ফোন করেন শিবরাজ। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

Advertisement

রাজ্যের বনদপ্তর জানিয়েছে, সরকার থেকে ওই জায়গায় গাছ লাগানো হয়েছিল। কিন্তু সেই গাছ কেটেই কুঁড়েঘর বানিয়ে বেশ কয়েকটি পরিবার বসবাস শুরু করে। সেই দখলদারিই সরানো হয়েছে। যদিও বনদপ্তরের তরফে যাঁরা আদিবাসীদের ঘর ধ্বংস করেছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি করেছেন শিবরাজ। এদিকে এই ঘটনায় বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজ্যের বিরোধী নেতা উমং সিংঘারের কটাক্ষ, শিবরাজ সিং চৌহান এবং মোহন যাদবের দড়ি টানাটানিতেই ভুগছেন নিরীহ আদিবাসীরা। বিজেপি সরকারের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ঘর হারাতে হচ্ছে প্রত্যন্ত গ্রামের মানুষকে।