নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। সর্বভারতীয় কৃষক সংগঠনগুলিকে একথা জানিয়ে দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। সোমবার আন্দোলনকারীদের উদ্দেশে তারা স্পষ্ট জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে আর পিছু হটব না। এইসব দাবির মধ্যে যেমন কৃষি সংক্রান্ত এজেন্ডা থাকছে। তেমনই জুড়ছে এসআইআর সংক্রান্ত ইস্যুও।
আগামী দিনে কেন্দ্রবিরোধী আন্দোলনের রূপরেখা তৈরি করতে সোমবার হরিয়ানার কারনালে জরুরি বৈঠকে বসেছিল সংযুক্ত কিষান মোর্চা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে ভোট চুরির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর দেশব্যাপী আন্দোলন হবে। তারপরেই শুরু হবে এইসব দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি। মোর্চা জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর দিল্লি সীমানায় কৃষক আন্দোলনের ছ’বছর পূর্তি হচ্ছে। এতগুলো বছর কেটে গেলেও কৃষকদের দেওয়া প্রায় কোনো প্রতিশ্রুতিই পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে ২৬ নভেম্বর সারা দেশে কৃষক বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
মোদি সরকারের জন্য যা চিন্তার বিষয় তা হল, এই কৃষক আন্দোলনের ভরকেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে দিল্লিকেই। এবার যদি কৃষকরা লাগাতার আন্দোলন শুরু করেন, তাহলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। সোমবার সংযুক্ত কিষান মোর্চা জানিয়ে দিয়েছে, পৃথক কর্মসূচি তো হবেই। তবে দিল্লিতে এসআইআর ইস্যুতে যত আন্দোলন হবে, তার প্রতিটিতেই কৃষক সংগঠনগুলি যোগ দেবে। থাকবে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলিও।



