Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়া, সমস্যায় বহু পরিবার

নতুন করে রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়া বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বহু পরিবার। যাদের একটা সিলিন্ডার রয়েছে, তাদের ডবল সিলিন্ডার দেওয়া হচ্ছে না।

বন্ধ রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়া, সমস্যায় বহু পরিবার
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নতুন করে রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়া বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বহু পরিবার। যাদের একটা সিলিন্ডার রয়েছে, তাদের ডবল সিলিন্ডার দেওয়া হচ্ছে না। প্রায় ছ’মাস ধরে নতুন করে কানেকশন দেওয়া হবে না বলেই ডিলারদের একাংশের অনুমান। তাদের অনেকেই বলছেন, আগের মত পরিস্থিতি নেই। এখন গ্যাসের সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে। তারপরও নিষেধাজ্ঞা কেন উঠছে না, সেই উত্তর অনেকেই পাচ্ছে না।

Advertisement

বুধবার বর্ধমানে একটি গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসে এসেছিলেন দুলা দাস নামে এক মহিলা। তিনি বলেন, আগে আমরা যৌথ পরিবারে ছিলাম। দু’মাস আগে আলাদা হয়েছি। আমার স্বামীর নামে গ্যাসের সংযোগ নেই। অফিসে এসে সংযোগ নেওয়ার জন্য আবেদন করতে এসেছিলাম। অফিস থেকে জানিয়ে দেওয়া হল ছ’মাস সংযোগ দেওয়া হবে না। এই কয়েক মাস কীভাবে রান্না করব? বাড়িতে উনুন নেই। স্টোভ জ্বালিয়ে রান্না করতে সমস্যা হচ্ছে। ওই মহিলার সঙ্গে এসেছিলেন তাঁরই এক আত্মীয়। তিনি বলেন, এর আগেও অফিসে এসে ঘুরে গিয়েছি। যাঁদের সংযোগ নেই, তাঁদের কি উনুনে রান্না করতে হবে? গৌরব শর্মা নামে এক ব্যক্তি বলেন, আমার বাড়িতে একটা সিলিন্ডার রয়েছে। আগে পরিবার ছোটো ছিল, কোনো সমস্যা হয়নি। এখন দু’টি সিলিন্ডার খুব দরকার হয়ে পড়েছে। হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেলে রান্না বন্ধ হয়ে যাচ্ছে। সরকার কী করতে চাইছে, বুঝতে পারছি না। আগের মতো সমস্যা নেই। তারপরও কেন দু’টি সিলিন্ডারের সংযোগ দেওয়া হচ্ছে না সেটাও অফিস থেকে স্পষ্ট করে বলা হচ্ছে না। গ্যাস উৎপাদনকারী সংস্থার এক আধিকারিক বলেন, সেভাবে বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে, পোর্টালে নতুন করে সংযোগ নেওয়ার আবেদন গ্রাহ্য হচ্ছে না। ডবল সিলিন্ডারের ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে। মন্ত্রক থেকে গাইড লাইন না আসা পর্যন্ত কিছু করার নেই। তবে, সিলিন্ডার সরবরাহে সমস্যা হচ্ছে না। বুকিং হয়ে গেলেই তা নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ করা হচ্ছে। তবে, কেওয়াইসি না করা থাকলে আগামী দিনে সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। কেওয়াইসি করার সময়সীমা বাড়ানো হয়েছে। তারপরও কেউ না করলে কিছু করার থাকবে না। গ্রাহকরা ডিলারদের অফিসে গিয়েই কেওয়াইসি করতে পারেন। এক ডিলার বলেন, নতুন করে গ্যাসের সংযোগ নেওয়ার জন্য অনেকেই অফিসে এসে ফিরে যাচ্ছেন। তবে, বদলির ক্ষেত্রে তেমন সমস্যা হচ্ছে না। অনেক সময় দেখা যায়, চাকরি সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে হয়। সেক্ষেত্রে আগের যে জায়গায় সংযোগ ছিল সেখানকার নথি আনলেই সংযোগ দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ