Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের একাংশ বেহাল, নেই আলো

সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের একাংশ বেহাল, নেই আলো
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সাঁইথিয়া:  সিউড়ি পুরসভার অন্তর্গত সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের একাংশ দীর্ঘদিন ধরে বেহাল।তার উপর পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যার পরে আঁধার নামে ওই রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভা ও কাউন্সিলার উভয়কেই জানানো হয়েছে কিন্তু সমাধান হয়নি। সিউড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিউড়ি-সাঁইথিয়া বাইপাস।রাস্তার ধার গাছ ও আগাছায়  ঢাকা। সন্ধ্যার পর অন্ধকারের জন্য সচরাচর ওই রাস্তা ব্যবহার করেন না কেউই। স্থানীয় বাসিন্দারা জানান, আলো-আঁধারি ওই রাস্তার মধ্যে রাত হলে প্রায়দিন নেশার আসর বসে।এই কথা পুরসভা ও পুলিসকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি কেউই। পুলিসের এক  আধিকারিক জানান, প্রতিদিনই ওই রাস্তার উপর আমাদের নজরদারি বাহিনী টহল দেয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিউড়ি শহরের মধ্যে যানজট যাতে না হয় সেই কারণে এই রাস্তাটি তৈরি করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটিরএকাংশ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। ফলে অধিকাংশ গাড়ির চালক এই রাস্তাকে এড়িয়ে যান। বাসিন্দাদের অভিযোগ, সিউড়ি শহরের বিভিন্ন রাস্তায় নতুন বাতিস্তম্ভ বসানো ও রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও এই রাস্তাটি বঞ্চিতই রয়েছে। পুরসভার তরফে কোনও নজরই দেয়া হয়নি।এক পথচারী মন্টু পাল বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল এবং ঝোপ জঙ্গলে ঢাকা রয়েছে। কিছুদিন আগে গাছের ডালপালাগুলি কাটা হয় বলে রাতের দিকে একটু আলো হয়েছে। কিন্তু যা আলোর রয়েছে তা পর্যাপ্ত নয়। বিশেষ করে রাস্তার বাঁদিকে একটি পুকুর রয়েছে। সেখানে অবিলম্বে একটা গার্ডওয়াল দেওয়া দরকার। না হলে অন্ধকারে দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই যানজট কমাতে সাঁইথিয়া থেকে সিউড়ি অভিমুখে যে সমস্ত গাড়ি আসবে সেগুলিকে ওই রাস্তা দিয়ে রক্ষাকালীতলা, হাটজন বাজার হয়ে পার করা হবে। ফলে রাস্তার গুরুত্ব বাড়বে। এ বিষয়ে সিউড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, রাস্তা অনেকদিন ধরে বেহাল। মুখ্যমন্ত্রীর পোর্টালে ব্যাপারটি জানানো হয়েছে। এছাড়াও পর্যাপ্ত আলো না থাকার বিষয়টি সিউড়ি পুর চেয়ারম্যানকে জানানো হয়েছে। ইতিমধ্যেই সিউড়ি শহরে নতুন বাতিস্তম্ভ লাগানোর কাজ শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ