Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কলম্বো থেকে দেশে ফিরলেন সূর্যরা, ১ মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টিম ইন্ডিয়া

পাকিস্তান বধের পালা শেষ। এবার লক্ষ্য সুপার এইট পর্বে ধারাবাহিকতা বজায় রাখা। তার আগে অবশ্য বুধবার গ্রুপের শেষ ম্যাচ রয়েছে ভারতের।

কলম্বো থেকে দেশে ফিরলেন সূর্যরা, ১ মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টিম ইন্ডিয়া
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: পাকিস্তান বধের পালা শেষ। এবার লক্ষ্য সুপার এইট পর্বে ধারাবাহিকতা বজায় রাখা। তার আগে অবশ্য বুধবার গ্রুপের শেষ ম্যাচ রয়েছে ভারতের। মোতেরায় নিয়মরক্ষার সেই ম্যাচে সূর্যকুমারদের সামনে নেদারল্যান্ডস। তারপরই দামামা বাজবে সুপার এইটের। সুবিধার হল, এই রাউন্ডে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচও মোতেরায়। আগামী রবিবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Advertisement

সোমবার বিকেলে কলম্বো থেকে আমেদাবাদে পৌঁছায় সূর্যকুমার-ব্রিগেড। সপ্তাহখানেক এই শহরই হয়ে উঠছে ভারতের বেস ক্যাম্প। এখানে পর পর দু’টি ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়নরা। সুপার এইটে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ ২৬ ফেব্রুয়ারি। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত নয়। অস্ট্রেলিয়া বা জিম্বাবোয়ের মধ্যে যে দল ‘বি’ গ্রুপ থেকে উঠবে, তাদের সঙ্গেই চেন্নাইয়ে খেলবে টিম ইন্ডিয়া। আর ঈশান কিষান, হার্দিক পান্ডিয়ারা সুপার এইটের শেষ ম্যাচটি খেলবেন ইডেনে। ১ মার্চের সেই ম্যাচে উল্টোদিকে ওয়েস্ট ইন্ডিজ। ফলে কলকাতার ক্রিকেটপ্রেমীদের ভারতের ম্যাচ দেখতে না পাওয়ার আক্ষেপ ঘুচতে চলেছে।
পাকিস্তানকে দুরমুশ করে ভারতীয় শিবির এখন টগবগে। কুড়ি ওভারের বিশ্বকাপে আটবার প্রতিবেশী দেশকে বিধ্বস্ত করল নীল জার্সিধারীরা। এই দ্বৈরথকে আর ‘মহারণ’ বলা উচিত কিনা তা নিয়ে ভাবার সময় এসেছে। তবে মারাত্মক চাপ যে ছিল, তা মেনে নিয়েছেন অক্ষর প্যাটেল। বাঁ-হাতি অলরাউন্ডারের মতে, ‘পরিবারের লোকজন, বন্ধু-বান্ধব, আশপাশের লোকজন— সবাই এই ম্যাচটা নিয়ে কথা বলছিল। তাই অন্য ম্যাচের তুলনায় বেশি চাপ ছিল। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। রেষারেষি নিয়ে খুব বেশি ভাবি না। তাতে নিজেদের উপরই চাপ বাড়ে। পাকিস্তানকে আমরা যে কোনও বিপক্ষের মতোই দেখেছিলাম। ফোকাস ছিল ক্রিকেটেই।’
প্রথম তিন ম্যাচে জিতে সুপার এইটে জায়গা পাকা ভারতের। এই অবস্থায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে আত্মতুষ্টি যাতে গ্রাস না করে, নজর থাকছে সেদিকে। অবশ্য সেই ম্যাচে বুমরাহ ও হার্দিককে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে। বুমরাহ চলতি আসরে খেলেছেন দুটো ম্যাচ, হর্দিক তিনটি। রবিবার এই দু’জন পাক ইনিংসের শুরুতে আঘাত হানেন। ডাচদের বিরুদ্ধে যদি তাঁদের বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে খেলতে পারেন অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। মুশকিল হল, এতে ভারতের ব্যাটিং গভীরতা কমবে। আট নম্বরে নয়, তখন অক্ষর আসবেন সাতে। কিন্তু কোচ গৌতম গম্ভীর ব্যাটিংয়ে বাড়তি সুরক্ষা চাইছেন। তাই ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। এমনিতেও দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই তিনি। সুপার এইটে নামার আগে তাঁর জড়তা দূর করাও জরুরি। সেক্ষেত্রে বসতে হবে কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীকে। তাই হার্দিক, বুমরাহর সঙ্গে বিশ্রাম দেওয়া হতে পারে বরুণকেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ