কারারা (গোল্ড কোস্ট): ১৬৮ রানের টার্গেট জেতার জন্য যথেষ্ট কি? সংশয় ছিলই। তবে ভারতীয় বোলারদের দাপটে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে অক্ষর-বরুণদের কৃতিত্ব দিতে ভুললেন না ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘বোলারদের কাছে কোচ ও আমার স্পষ্ট বার্তা ছিল, পরিস্থিতি বুঝে বল কর। শিশির পড়ার সময় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। কিন্তু ওরা পেরেছে। অক্ষর-ওয়াশিংটনরা দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে দলের জয়ে অবদান রেখেছে। ওদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাছাড়া আমরা পরিকল্পনামাফিক টিম কম্বিনেশন গড়েছি। ওয়াশিংটন ও দুবের মতো ক্রিকেটারের উপস্থিতি যে কোনও দলের সম্পদ। যারা প্রয়োজনে ২-৪ ওভার হাত ঘোরাতে পারবে। পরিস্থিতি অনুযায়ী বোলার ব্যবহারের বিকল্প থাকলে ক্যাপ্টেনের কাজ সহজ হয়।’



