নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভ্যাট মুক্ত নৈহাটি গড়ার লক্ষ্যে বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহে ছ’টা গাড়ি কিনছে পুরসভা। এর ফলে রাস্তায় কোনো ভ্যাট থাকবে না। একইসঙ্গে সাফাইকর্মীর সংখ্যা কমানোরও পরিকল্পনা হচ্ছে। বর্তমানে ৬০০ কর্মী আছেন। তাঁদের মধ্যে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা শুরু হয়েছে। কোন সাফাইকর্মী কোন ওয়ার্ডে কাজ করেন, কতদিন ধরে করছেন এ সংক্রান্ত সমীক্ষা শুরু হয়েছে। কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন। কয়েকবার বিক্ষোভও দেখিয়েছিলেন। তাঁদের বেতন দিতে মাসে খরচ হচ্ছে ৪২ লক্ষ টাকা। এবার বেশ কিছু কর্মীকে ছাঁটার চিন্তা চলছে বলে জানা গিয়েছে।
নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূল বোর্ড যাঁকে পেয়েছে সাফাইকর্মী হিসাবে নিয়োগ করেছে। দলের ছেলেদের পুরসভায় কাজ দিয়েছে। তাঁদের মাইনে দেওয়া হত বিভিন্ন ফান্ড থেকে। বিভিন্ন প্রজেক্টের ফান্ডের টাকা এভাবে খরচ হত। এটিকে অনিয়ম বলা যায়। আমরা তাই ঠিক করেছি, সমীক্ষা করে দেখা হবে, কোন ওয়ার্ডে কোন সাফাইকর্মী কতদিন ধরে কাজ করছেন। ৩১টি ওয়ার্ডে গড়ে ২০জন করে সাফাইকর্মী আছেন। যাঁদের বেতন দিতে অনেক সমস্যা। বিষয়টি নিয়ে পুরদপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা পরিকল্পনা করেছি, ভ্যাট মুক্ত নৈহাটি শহর তৈরি করা হবে। এর জন্য ছ’টি গাড়ি কেনা হচ্ছে। সাফাইকর্মীরা গাড়ি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করবেন। তা ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে। প্রসঙ্গত আর বি সি রোড, অরবিন্দ রোড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় এখনও ভ্যাট রয়েছে।