Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ির পুরন্দরপুরে বেহাল নিকাশি ব্যবস্থা, ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা

সিউড়ির পুরন্দরপুরে বেহাল নিকাশি ব্যবস্থা, ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সাঁইথিয়া:  সিউড়ির পুরন্দরপুরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। অভিযোগ, পঞ্চায়েতের উদাসীনতায় বহু নিকাশিনালায় আবর্জনা জমে রয়েছে। এর জেরে দুর্গন্ধ ও মশার উৎপাতে এলাকার মানুষ অতিষ্ঠ। সিউড়ি শহরের আশপাশের গ্রামকে ‘নির্মল গ্রাম’ ঘোষণা করা হয়েছে। কিন্তু শহরের ঠিক পাশেই পুরন্দরপুরে নিকাশির এই বেহাল ছবি ধরা পড়ছে।
Advertisement
সিউড়ি থেকে বোলপুর যাওয়ার পথে পড়ে পুরন্দরপুর গ্রাম। এখানকার হাটতলা থেকে স্কুল মোড় অবধি রাস্তার ধারে নিকাশিনালায় আবর্জনা জমে থাকে। সামান্য বৃষ্টিতেই নালার জল রাস্তায় উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ জায়গায় নিকাশিনালা থাকলেও তা সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বুজে যেতে বসেছে। কোথাও আবার নালায় আটকে থাকা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও নালা থেকে আবর্জনা তুলে রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছে। কুকুর ও গবাদি পশু সেই আবর্জনায় খাবার খুঁজতে গিয়ে তা রাস্তায় ছড়িয়ে ফেলছে। এলাকায় পতঙ্গবাহিত রোগ বাড়ছে।
পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, অনেক নালা সংস্কার করা হয়েছিল। কিছু নালা সংস্কারের কাজ এখনও চলছে। কিন্তু কিছু ব্যবসায়ী নালায় আবর্জনা ফেলে দেয়। তাদের বারবার বলেও লাভ হয়নি। এরপর অন্য ব্যবস্থা নেওয়া হবে।
সিউড়ি-২ বিডিও অফিস লাগোয়া নিকাশিনালার অবস্থাই বেহাল। সেখানে প্লাস্টিকের প্যাকেট, চায়ের কাপ, আবর্জনা জমে রয়েছে। সেইসঙ্গে নর্দমায় আগাছা জন্মেছে। পুরন্দরপুর হাইস্কুল লাগোয়া নালাটির অবস্থাও খুব খারাপ। ফলে মশাবাহিত রোগের প্রকোপের আশঙ্কা করছেন স্থানীয়রা। পুরন্দরপুরের মেইন রোডের পাশের নিকাশিনালা তো আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জলে ভরে রয়েছে। পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় নিকাশিনালা গায়েব হয়ে গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, কখনও কখনও নালা সাফাই করে পঞ্চায়েত। নিয়মিত দেখাশোনার অভাবে এই হাল হয়েছে।
পুরন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান অশ্বিনী মণ্ডল বলেন, বছরে দু’বার করে নালা সাফাই করা হয়। পুজোর আগেও হয়েছে। বর্ষার আগে ফের সেই কাজ হবে। ডেঙ্গু মোকাবিলায় এলাকায় মাঝেমধ্যে স্প্রে করা হয়। তাড়াতাড়ি আবর্জনা তুলে ফেলার ব্যবস্থা করব।
সম্পর্কিত সংবাদ