নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ির নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম ইসরাইল শেখ, দাউদ খান, শেখ সুরজ। ধৃতদের মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নার্সিংহোমের ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক বলে দাবি করা হচ্ছে। সোমবার দুপুরে সিউড়ির পুরাতন লাইনপাড়ার একটি নার্সিংহোমে ঘাটগোপালপুর গ্রামের বাসিন্দা নেফুজল হকের মৃত্যু হয়। এরপরই আত্মীয়রা ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালায়। আইসিইউয়ের জানালা, দরজা ভেঙে ফেলা হয়। নার্সিংহোমের কর্মীদেরও মারধর করার অভিযোগ ওঠে। এনিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করে। সেখানে ২০০-র বেশি মানুষের জমায়েতের কথা উল্লেখ করা হয়। পুলিস সিসি ক্যামেরা দেখে অভিযুক্তদের চিহ্নিত করে। সিউড়ির বিভিন্ন এলাকা থেকে তিনজনকে সোমবার রাতেই গ্রেপ্তার করে। তবে রোগীর আত্মীয়রা এখনও তাঁদের দাবিতে অনড়। চিকিৎসকের ভুলের কারণে রোগী মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ। তাই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ উগরে দিচ্ছেন। সিউড়ি থানার এক অফিসার বলেন, ভাঙচুরের ঘটনায় আর কে কে যুক্ত তা দেখা হচ্ছে। আদালতের সরকারি আইনজীবী মুক্তাব হুসেন বলেন, ভাঙচুর, মারধর এমন একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। বিচারক তিনজনকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।



