নয়াদিল্লি: রাজ্য পুলিস-প্রশাসনের উপর আস্থা না রেখে প্রায়শই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। বাংলা সহ একাধিক রাজ্যে বারবার এই ঘটনা দেখা গিয়েছে। এই নিয়ে প্রতিবাদও হয়েছে। কিন্তু, পরিস্থিতি বদলায়নি বলেই অভিযোগ। এই আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সিবিআই তদন্তের নির্দেশকে রুটিনমাফিক করে দেওয়া চলবে না। প্রথমে দেখতে হবে, রাজ্য পুলিস-প্রশাসন সংশ্লিষ্ট ঘটনার তদন্ত নিরপেক্ষ ও যথাযথভাবে করতে পারছে কি না? তারা ব্যর্থ হলেই সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি দায়িত্ব দেওয়া যেতে পারে। সিবিআই তদন্তের নির্দেশের ক্ষেত্রে আদালতগুলিকে আরও সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের মতে, কোনও মামলার তদন্তে ভরসা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার প্রয়োজন পড়লে খুব সতর্ক হয়েই এজেন্সিকে দায়িত্বভার দিতে হবে। এক্ষেত্রে যখন-তখন, যে কোনও মামলায় সিবিআইকে জুড়ে দিতে বারণ করেছে বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ। একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই এই পদক্ষেপের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, একটি প্রতারণা ও জালিয়াতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সেই নির্দেশকে এদিন খারিজ করে দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। সর্বোচ্চ আদালত জানিয়েছে, জাতীয় বা আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে বা সার্বিক বিচার নিশ্চিত করতে কিংবা মৌলিক অধিকার রক্ষার প্রয়োজন আছে—এমন পরিস্থিতি তৈরি হলে তবেই কেন্দ্রীয় এজেন্সির সাহায্য নেওয়া যেতে পারে।



