Bartaman Logo
১০ জুন, ২০২৬

গণপিটুনিতে মৃতের ক্ষতিপূরণে সমতা, সুপ্রিম কোর্টে শুনানি আগামী ২৩ এপ্রিল

গণপিটুনিতে মৃতের ক্ষতিপূরণে সমতা, সুপ্রিম কোর্টে শুনানি আগামী ২৩ এপ্রিল
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গণপিটুনিতে হত্যা ও বিদ্বেষজনিত হিংসায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হবে। বিষয়টি নিয়ে ২০২৩ সালে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, ২৩ এপ্রিল বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর এজলাসে শুনানি হতে চলেছে। 

Advertisement

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে হত্যা ও ধর্মীয় বিদ্বেষের সংখ্যা বেড়েছে। গণপিটুনিতে মৃত বা বিদ্বেষজনিত হিংসার শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য আলাদা নীতি নিয়ে চলে। ফলে ক্ষতিপূরণের পরিমাণ আলাদা হয়। এই বৈষম্য মেটাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইন্ডিয়ান মুসলিম ফর প্রোগ্রেস অ্যান্ড রিফর্মস বা আইএমপিএআর। আবেদনে বলা হয়, ২০১৮ সালের তেহসিন পুনাওয়ালা মামলার রায়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, গণপিটুনিতে মৃতের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দিষ্ট নীতি প্রণয়ণ করতে হবে। ২০২৩ সালের শুনানিতে আবেদনকারীদের তরফে বলা হয়, কয়েকটি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নীতি তৈরি করলেও, তাতে কোনও সমতা নেই। বেশিরভাগ রাজ্য এই নিয়ে কোনও উদ্যোগও নেয়নি। 
আবেদনকারীদের দাবি ছিল, বর্তমানে রাজ্যগুলি যেভাবে ক্ষতিপূরণ দেয়, তা বৈষম্যমূলক ও সংবিধানের ১৪,১৫ ও ২১ নম্বর ধারার পরিপন্থী। অনেক ক্ষেত্রেই মিডিয়া কভারেজ, রাজনৈতিক বাধ্যবাধকতা ও মৃতের ধর্মীয় পরিচয় দেখে ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করা হচ্ছে। তাই, গণপিটুনিতে হত্যা বা হিংসার ঘটনায় শীর্ষ আদালত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ন্যায্য ও যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিক, এমন আবেদনও করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ