নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রায় দু মাস হয়ে গেল, অথচ সংসদে বিদ্রোহী তৃণমূলিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে মূলত এই মামলা দায়ের করলেন তিনি। একইসঙ্গে লোকসভার সেক্রেটারি জেনারেলের পাশাপাশি কাকলি ঘোষদস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকেও মামলায় বিবাদী করা হয়েছে।
তৃণমূলের টিকিটে সাংসদ হয়ে এখন অন্য দল করার জন্য কুড়িজনের সদস্য পদ খারিজের জন্য গত ১৯ জুন ওম বিড়লার কাছে গিয়ে আবেদন জানান অভিষেক। সঙ্গে ছিলেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুড়িটি আলাদা স্ট্যাম্প পেপারে আবেদন করে কাকলিদের সদস্যপদ খারিজের দাবি করেন অভিষেক। পরবর্তীকালে গত ২৭ জুলাই ফের বিষয়টি মনে করিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে চিঠি দেন। কিন্তু তাও কিছু হয়নি। মোদি সরকার কাকলিদের এনসিপিআই সদস্য বলে স্বীকার করে নিলেও স্পিকার ওম বিড়লা সেই স্বীকৃতি দেননি।
সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে সেই কারণে বিদ্রোহী কুড়িজনকে তৃণমূল সাংসদ হিসেবেই সংসদে থাকতে হয়েছে। যা মোটেই চাইছেন না অভিষেক। তাই ফের গত ১২ আগস্ট সৌগত রায়, কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে স্পিকারের কাছে দরবার করেন। যদিও তার আগেই গত ৭ আগস্ট সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। সোমবার ১৭ আগস্ট অবশ্য সেই দায়ের হওয়া মামলা রেজিস্টার করেছে সুপ্রিম কোর্ট। ফলে আর স্পিকারের জবাবের অপেক্ষা নয়। সরাসরি সুপ্রিম কোর্টেই শুরু হয়ে গেল অভিষেক বনাম ওম বিড়লার লড়াই। শীঘ্রই হবে মামলার শুনানি।