নয়াদিল্লি: পেরিয়ে গিয়েছে দু’দশকের বেশি সময়। গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপরাধী ইরফান সিরাজ পাড়ার সাজা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনও মঞ্জুর হয়েছে। গত ১৭ বছর ধরে জেলে রয়েছে ইরফান। তার গুরুতর হৃদরোগের সমস্যা এবং দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনা করে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এদিন বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের দুই সদস্যের বেঞ্চ ইরফানের আবেদনের শুনানি শেষে এই নির্দেশ দিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে শীর্ষ আদালতে আরজি জানায় এই আসামি। গুরুত্বপূর্ণ বিষয় হল, এদিন সরকারপক্ষও তার সাজা স্থগিত রাখার বিষয়ে আপত্তি জানায়নি। গুজরাত সরকারের আইনজীবী স্বাতী ঘিলদিয়াল বলেন, মামলাটি অত্যন্ত গুরুতর হলেও শারীরিক অসুস্থতার কারণে সাজা স্থগিত রাখার বিষয়ে রাজ্যের কোনো আপত্তি নেই। বেঞ্চ জানিয়েছে, রাজ্যের আইনজীবীও আবেদনকারীর অসুস্থতার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। সবদিক বিবেচনা করে আদালত তার সাজা স্থগিতের নির্দেশ দেয়। তবে শীর্ষ আদালতের এই নির্দেশে ইরফান মামলা থেকে বেকসুর খালাস পায়নি। বরং সাময়িক স্বস্তি মাত্র। কেননা দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে তার মূল আবেদনের চূড়ান্ত শুনানি এখনও হয়নি। অন্তর্বর্তীকালীন জামিন পেলেও আদালতের কঠোর শর্ত মেনে চলতে হবে তাঁকে।
সম্প্রতি ২০০২ সালে গুজরাত হিংসার সময় বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই অপরাধীর সাজা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। তারপর গোধরা মামলার অপরাধীর ক্ষেত্রেও তেমনই নির্দেশ এল। প্রসঙ্গত, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৫৯ জনের। তাঁদের অধিকাংশই ছিলেন অযোধ্যা থেকে ফেরা করসেবক। ঘটনার পর গুজরাতজুড়ে হিংসা ছড়িয়ে পড়ে।



