নয়াদিল্লি: আইন না জেনে ক্ষমতার অপব্যবহার করা চলবে না। বিহারের এক বিচারকের আচরণ নিয়ে এবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ওই বিচারককে ‘বাহুবলী’র মতো আচরণ না করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। কেন ভর্ৎসনা? আদালতের নির্দেশ সত্ত্বেও এফআইআর দায়ের করেননি এক পুলিশ আধিকারিক। সে কারণে একই দিনে তাঁকে তলব করে দোষী সাব্যস্ত ও জরিমানা করেছেন ওই বিচারক। সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। বিচারপতি জয়মাল্য বাগচী বিহারের ওই বিচারকের আইনি জ্ঞান ও আদালতে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি বাগচী বলেন, ‘আইনের বিষয়ে বিচারকের ধারণা অত্যন্ত হতাশাজনক। কোনো পুলিশ সুপারকে তলব করে একই দিনে দোষী সাব্যস্ত করার মতো আগ্রাসী পদক্ষেপ উদ্বেগজনক।’ মামলাকারী বিচারকের আইনজীবীকে উদ্দেশ করে তিনি নির্দেশ দেন, ‘নিজের মক্কেলকে ‘বাহুবলী’র মতো আচরণ বন্ধ করতে বলুন।’



