সুপ্রিম কোর্টে উমর, শারজিলদের অন্তর্বর্তী জামিনের আরজি খারিজ, দিল্লি পুলিশকে নোটিস
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শারজিল ইমাম ও উমর খালিদের অন্তর্বর্তী জামিনের আরজি মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় মূল অভিযুক্ত উমর ও শারজিল। গত ৬ বছর ধরে জেলবন্দি দু’জনে। জামিন নিয়ে দিল্লির হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।  বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেওয়া হবে। দিল্লি পুলিশকে নোটিসও পাঠানো হয়েছে। অন্তর্বর্তী জামিনের আরজি ফিরিয়ে  আদালত মন্তব্য করে, ‘আজ নয়’। এদিন আদালতে উমরের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। শারজিলের পক্ষে আইনজীবী সিদ্ধার্থ দাভে। গত বছর ৫ জানুয়ারি সর্বোচ্চ আদালত উমর-শারজিলের জামিনের আরজি খারিজ করে জানিয়েছিল, মামলার সব সাক্ষীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হলে কিংবা ১ বছর পর ফের জামিনের আর্জি করতে পারবেন উমররা। অভিযুক্তদের আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ১ বছরের সময়সীমা শেষের পথে। এই সময়ের মধ্যে সব সাক্ষীদের জেরা শেষ হবে না। উমর ও শারজিলের আইনজীবীরা ‘নাজিব মামলা’র প্রসঙ্গ তোলে। ওই মামলায়, আদালত জানিয়েছিল দীর্ঘদিন বন্দি থাকলে ইউএপিএ মামলাতেও জামিন দেওয়া যেতে পারে। আইনজীবীদের সওয়াল, ‘যদি ইউএপিএ মামলায় জামিন দেওয়া যায়। এখানে কেন তা হচ্ছে না?’ বিষয়টি নিয়ে তিন বিচারপতির বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশাসনিকভাবে বিষয়টি প্রধান বিচারপতির সামনে পেশ করতে রেজিস্ট্রিকে নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, ‘যেহেতু আমার দেওয়া রায় (নাজিব মামলা) নিয়েই আলোচনা হচ্ছে। তাই বিব্রত বোধ করছি।’ 

Advertisement