নয়াদিল্লি: ভরণপোষণের অর্থ বাড়ানোর দাবিতে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। তাঁর বক্তব্য, মাসিক যে অর্থ তিনি তারকা পেসারের থেকে পান তা যথেষ্ট নয়। উল্লেখ্য, হাসিন ও মেয়ের ভরণপোষণের জন্য মাসে যথাক্রমে দেড় ও আড়াই লক্ষ টাকা (মোট ৪ লক্ষ) দেন তারকা পেসার। সেই অঙ্ক বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন সামির প্রাক্তন স্ত্রী। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘মাসে চার লক্ষ টাকা কি যথেষ্ট নয়?’ তার পরে অবশ্য হাসিনের অভিযোগ নিয়ে মহম্মদ সামি ও পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তারপরই মামলার চূড়ান্ত শুনানি হবে।



