কলকাতা পুরসভা মামলা হাইকোর্টে ফেরানোর পক্ষে সুপ্রিম কোর্ট
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোট ঘোষণা বন্ধ রাখারই পক্ষে সুপ্রিম কোর্ট। অবশ্য এ নিয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। একইসঙ্গে কলকাতা পুরসভার ওয়ার্ড বৃদ্ধিতে (১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ টি) এলাকা পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরানোরও প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। যদিও রাজ্য সরকার চায় শীর্ষ আদালতেই মামলার নিষ্পত্তি হোক। সেই মতো রাজ্য সরকারের আইনজীবী তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চের সামনে পীড়াপীড়ি করেন। বলেন, ‘এখানেই নিষ্পত্তি হোক। কলকাতা হাইকোর্টে ফেরালে সিঙ্গল, ডিভিশন বেঞ্চ হয়ে মামলার নিষ্পত্তি হতে সময় লাগবে। পুরসভার ভোটও পিছিয়ে যাবে।’  

Advertisement

যদিও বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘আমরা চাই না অহেতুক কোনো কারণে পুরভোট পিছিয়ে যাক।’ প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের প্রস্তাব হল, মামলাটি হাইকোর্ট শুনুক। ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিয়েছে, তা আমরা বাতিল করে দিতে পারি। তবে সেখানে মামলাটি খারিজ হবে না। বরং হাইকোর্টকে বলব, দ্রুত নিষ্পত্তি করতে। তবে যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন ভোট ঘোষণা করা যাবে না।’ বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের এই প্রস্তাব স্বাগত জানান সর্বোচ্চ আদালতে এই মামলার বিবাদী দীপু দাসের দুই আ‌ইনজীবী অভিষেক মনু সিংভি এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য। 
যদিও রাজ্য সরকারের আইনজীবী বলেন, ‘এই মামলায় আমার অনেক কিছু বলার আছে। কেন ওয়ার্ড বৃদ্ধি, এলাকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত সঠিক, তা আমি যুক্তি দিয়ে বলব। আশা করি শীর্ষ আদালতও সব শুনে একমত হবে। তাই হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টেই শুনানি হোক।’ রাজ্যের সেই আবেদন মেনে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, আগামী সোমবার ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টেই শুনানি হবে। 
উল্লেখ্য, সম্প্রতি কলকাতা এবং হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস করেছে রাজ্য। কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ৬৫টি বাড়ানো হয়েছে। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয়েছে বিধানসভায়। যদিও দুই পুরসভারই ওয়ার্ড বিন্যাস নিয়ে আপত্তি ওঠে। হাইকোর্টে মামলা দায়ের হয়। কলকাতা পুরসভার মামলা হাইকোর্ট হয়ে এখন সুপ্রিম কোর্টে। আর হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলা বিচারাধীন হাইকোর্টেই।