নয়াদিল্লি: রাহুল গান্ধীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ করেছিলেন বিজেপি নেতা এস বিগনেশ শিশির। তাঁর দায়ের করা মামলার প্রেক্ষিতে রাহুলের সম্পত্তি নিয়ে সিবিআই এবং ইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাহুল। বুধবার হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি নতুন করে শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কোনো নির্দেশ দেওয়ার আগে রাহুল গান্ধীকে এই মামলায় পক্ষভুক্ত করতে হবে। রাহুলের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এলাহাবাদ থেকে মামলাটি দিল্লি হাইকোর্টে স্থানান্তরের ব্যাপারে রাহুলের আরজিতে অবশ্য সাড়া দেয়নি শীর্ষ আদালত। গত মে মাসে বিজেপি কর্মী শিশির লোকসভার বিরোধী দলনেতা রাহুলের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি নিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এর ভিত্তিতে হাইকোর্ট তা যাচাইয়ের জন্য সিবিআই ও ইডিকে নির্দেশ দেয়। এই নিয়ে ১৭ আগস্ট সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিবাল প্রশ্ন তুলেছিলেন,রাহুলের বক্তব্য না শুনে হাইকোর্ট কীভাবে একতরফা রায় দিল? প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে। পাশাপাশি ইডি বা সিবিআইকে রাহুলের সম্পত্তি নিয়ে কোনো রিপোর্ট পেশ থেকে বিরত থাকতে বলে।



