Bartaman Logo
১০ জুন, ২০২৬

নগদ উদ্ধার কাণ্ড: বিচারপতি যশবন্ত ভার্মাকে বদলি করার সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের

নগদ উদ্ধার কাণ্ড: বিচারপতি যশবন্ত ভার্মাকে বদলি করার সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের
  • ২১ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: অবশেষে বিচারপতি যশবন্ত ভার্মার ঘটনা নিয়ে বড়সড় আপডেট। তাঁর বাংলো থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতিকে বদলি করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই সুপারিশ অনুযায়ী, দিল্লি হাইকোর্ট থেকে নিজের পুরনো এলাহাবাদ হাইকোর্টে ফিরতে হবে ভার্মাকে।

Advertisement

ঘটনার সূত্রপাত ১৪ মার্চ। ওই দিন রাত ১১টা ৩০ মিনিটে দিল্লির তুঘলক রোডে বিচারপতি যশবন্ত ভার্মার বাংলোতে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বিচারক সেই সময় শহরে ছিলেন না। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে পড়ে। বাংলোর একটি ঘরে বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ পায় তাঁরা। দ্বিরুক্তি না করে খবর দেওয়া হয় পুলিসে। পুলিস এসে সেই টাকা বাজেয়াপ্ত করে। অভিযোগ, টাকার উৎস কী, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি বিচারপতি।

বিষয়টি প্রকাশ্যে আসার পরেই স্বরাষ্ট্র মন্ত্রক ও সুপ্রিম কোর্ট। ঘটনায় বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নেয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর গতকাল, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম বিচারপতি ভার্মাকে বদলির সিদ্ধান্ত জানায়।

প্রসঙ্গত, এর আগে এলাহাবাদ হাইকোর্টেই বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন যশবন্ত ভার্মা। ২০২১ সালে তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। তবে এই ঘটনার পর ফের তাঁকে এলাহাবাদ হাইকোর্টেই পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ