সংবাদদাতা, তারকেশ্বর: শ্রাবণী মেলার প্রস্তুতি দেখতে সোমবার তারকেশ্বরে এলেন হুগলি জেলা পুলিস (গ্রামীণ) সুপার কামনাশিস সেন। এছাড়া এদিনই তারকেশ্বর থানার আইও রুম, ডিজিটাল মালখানা, পার্কিং সেড, শৌচালয়, শ্রাবণী মেলা উপলক্ষ্যে অস্থায়ী কন্ট্রোল রুম সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করা হয়। ছিলেন হুগলি গ্রামীণ পুলিসের অতিরিক্ত সুপার কৃশানু রায়, ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সহ আধিকারিকরা। উল্লেখ্য, শ্রাবণী মেলার ভিড় নিয়ন্ত্রণ হুগলি জেলা পুলিসের কাছে একটি বড় চ্যালেঞ্জ। পুণ্যার্থীদের সুষ্ঠুভাবে তারকেশ্বর মন্দিরে জল ঢালার পর বাড়ি ফেরার ব্যবস্থা, রাত্রিবাস, খাওয়াদাওয়া সব দিকে নজর থাকবে প্রশাসনের। এদিন থানায় বিভিন্ন উদ্বোধনের পর তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢোকা ও বেরনোর রাস্তা, স্টেশন এলাকা পরিদর্শন করেন পুলিস সুপার। তিনি বলেন, শ্রাবণী মেলা আসছে তার জন্য স্পেশাল কন্ট্রোল রুম চালু হল। তারকেশ্বর থানায় ডিজিটাল মালখানা, শৌচালয় উদ্বোধন হল। এছাড়া শ্রাবণী মেলায় নিরাপত্তা ও সুষ্ঠুভাবে মেলা পরিচালন করতে স্টেশন ও রাস্তাগুলি পরিদর্শন করা হচ্ছে।



