Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতের ২৫-৩০ ওভার পর্যন্ত টিকে থাকা উচিত: সানি

রোহিতের ২৫-৩০ ওভার পর্যন্ত টিকে থাকা উচিত: সানি
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

দুবাই: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। গ্রুপ লিগে যথাক্রমে বাংলাদেশ, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নিউজিল্যান্ডকে সহজেই বশ মানিয়েছে রোহিত-ব্রিগেড। সেমি-ফাইনালে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যর্থ অস্ট্রেলিয়াও। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবিসংবাদিত ফেভারিট বিরাট কোহলিরা। কিন্তু এই সাফল্যের আলোয় অনেক কিছু ঢাকা পড়ে গিয়েছে। যেমন, অধিনায়ক রোহিত শর্মার অফ ফর্ম। চারটি ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১০৪ রান। সর্বাধিক ৪১ এসেছে দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে। বাকি তিনটি ম্যাচে শুরুটা ভালো করলেও উইকেটে বেশিক্ষণ থাকতে ব্যর্থ হিটম্যান। পাকিস্তান ম্যাচে তিনি ফেরেন পঞ্চম ওভারে। এই ধারাবাহিকতা বজায় ছিল বাকি দু’টি ম্যাচেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত প্যাভিলিয়নে ফেরেন ষষ্ঠ ওভারে। সেমি-ফাইনালেও সেই একই চিত্র। ভারতীয় ইনিংসের অষ্টম ওভারেই কনোলির বলে আউট হন তিনি। কোচ গৌতম গম্ভীর অবশ্য ক্যাপ্টেনের এই পারফরম্যান্সে বিচলিত নন। বুক ঠুকে তিনি বলেছেন, ‘পরিসংখ্যান দিয়ে রোহিতকে মাপতে গেলে ভুল হবে। ওর আগ্রাসী ব্যাটিং বিপক্ষকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।’ আর ঠিক এই প্রসঙ্গেই মুখ খুললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর বক্তব্য, ‘রোহিতের মতো ব্যাটারের দায়িত্ব অনেক। প্রথম পাঁচ-ছয় ওভার চালিয়ে খেলে দর্শকদের বিনোদন দিলেই তা শেষ হয়ে যায় না। দুবাইয়ের পিচে বল পড়ে মন্থর হয়ে যায়। শট নেওয়া খুব সহজ নয়। তাই প্রথমেই ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হলে সমালোচনাই স্বাভাবিক। রোহিতকে মনে রাখতে হবে, এই দলে ওর গুরুত্ব ঠিক কতখানি। ২৫-৩০ ওভার পর্যন্ত ও উইকেটে থাকলে বিপক্ষ ঘুরে দাঁড়াতে পারবে না। আর একটা কথা, রোহিত কি নিজের এই রানে খুশি হচ্ছে? পঞ্চাশ ওভারের ম্যাচে ২০, ১৫, ২৮— তেমন রানই নয়। ওর হাতে বিভিন্ন স্ট্রোক আছে। প্রতিভা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় রোহিত নিজেকে পরিকল্পনামাফিক মেলে ধরতে পারছে না। আশা করব, ফাইনালের আগে নিজের পুরনো ইনিংসগুলি রোহিত দেখবে। ৫০ ওভারের ফরম্যাটে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে ওর পকেটে। এই নজির আর কারও নেই। কিন্তু গত পাঁচ বছরে রোহিত মাত্র তিনটি শতরান পেয়েছে, যা মেনে নিতে কষ্ট হচ্ছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ