Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অবসর ভেঙে ফিরলেন সুনীল

অবিশ্বাস্য হলেও সত্যি। অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে তাঁর প্রত্যাবর্তনের খবর জানানো হয়। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।

অবসর ভেঙে ফিরলেন সুনীল
  • ৭ মার্চ, ২০২৫ ০৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবিশ্বাস্য হলেও সত্যি। অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে তাঁর প্রত্যাবর্তনের খবর জানানো হয়। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। শিলংয়ের এই ম্যাচেই ব্লু টাইগার্সের হয়ে মাঠে নামবেন সুনীল। তার আগে মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মানোলো মার্কুয়েজের দল। সূত্রের খবর, ওইদিন তারকা স্ট্রাইকারকে খেলাতে চাইছেন স্প্যানিশ কোচ। মানোলোর মন্তব্য, ‘ওকে জাতীয় দলে প্রয়োজন। তা বোঝাতেই সুনীলের সঙ্গে আলোচনা করি। ও ফেরায় আমরা সবাই খুশি।’ পাশাপাশি ২৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়লেন গুরপ্রীত সিং। গোলরক্ষক বিশাল কাইথের চ্যালেঞ্জার অমরিন্দার সিং। এছাড়া শুভাশিস বসুও জাতীয় দলে ফিরলেন।

Advertisement

বাইচুং ভুটিয়া পরবর্তী যুগে ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল। জাতীয় দলের জার্সিতে ৯৪ টি গোল রয়েছে তাঁর। অর্থাৎ লক্ষ্যভেদের সেঞ্চুরি হাতের মুঠোয়। ঠিক এমন পরিস্থিতিতে গত মরশুমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। যুবভারতীতে কুয়েত ম্যাচে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সতীর্থদের কোলে চেপে চোখের জলে মাঠ ছাড়েন অধিনায়ক। তবে চলতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। বেঙ্গালুরুর হয়ে ইতিমধ্যেই ১২টি গোল করে ফেলেছেন। চনমনে বডি ল্যাঙ্গুয়েজ আর তাগিদে টেক্কা দিচ্ছেন জুনিয়রদের। 
সুনীলের প্রত্যাবর্তনের ঘটনায় বিস্মিত তাঁর শ্বশুরমশাই তথা প্রাক্তন ফুটবলার এবং কোচ সুব্রত ভট্টাচার্য। ফোনে তাঁর ছোট্ট মন্তব্য, ‘নিশ্চয়ই ওকে জাতীয় দলে দরকার। তাই ফেরানো হচ্ছে।’ সুব্রতর স্ত্রী লতাদেবী অবশ্য এমন সিদ্ধান্তে বেশ খুশি। বললেন, ‘সুনীল ফুরিয়ে যায়নি। আমার বিশ্বাস, জাতীয় দলে এখনও অনেক কিছু দেওয়ার আছে ওর।’ যাই হোক, অবসরের ৮ মাসের মধ্যে প্রত্যাবর্তন সাম্প্রতিককালের ভারতীয় ফুটবলে সবচেয়ে বড় সারপ্রাইজ। তবে ৪০ বছরের সুনীলের কামব্যাকে নীল জার্সির হতদরিদ্র অবস্থা আরও একবার প্রকট হল। গোটা দেশে এখনও সুনীলের বিকল্প নেই। এটাই সবচেয়ে বড় সত্যি।

Advertisement
সম্পর্কিত সংবাদ