পাথরপ্রতিমায় ভাঙা সেতু পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: পাথরপ্রতিমায় গিয়ে ভাঙা সেতু পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা। শনিবার তিনি আবাদ গঙ্গাধরপুর এলাকায় যান। এরপরই কালুয়া নদীর উপর ভেঙে পড়া কংক্রিটের সেতুটি পরিদর্শন করেন। কবে এবং কারা এই সেতুটি নির্মাণ করেছে, এই বিষয় নিয়ে তিনি প্রথমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীরাও বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান। 

Advertisement

বিজেপি নেতা উত্তম জানা বলেন, প্রায় ছয় বছর আগে ৩২ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে সেতুটি মাত্র কয়েক বছরের মধ্যে ভেঙে পড়েছে। বিষয়টি মন্ত্রীর কাছে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এছাড়াও ওই নদীর উপর একটি শক্তপোক্ত সেতু নির্মাণ করার আবেদন রাখা হয়েছে।
সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা বলেন, ‘সেতুটি নির্মাণের সময় গাফিলতি হয়েছে। কোন সংস্থা এই সেতুটি নির্মাণ করেছে এবং কীভাবে করেছে, তার তদন্ত করা হবে। এছাড়াও শীঘ্রই ওই সেতুটি মেরামত করা হবে। পরে ওখানে স্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হবে।’  নিজস্ব চিত্র