নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমি কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই জেলবন্দি ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তোলাবাজির আরেকটি মামলায় তাঁকে নিজেদের হেপাজতে নিল ডায়মন্ডহারবার থানা। শুক্রবার এই মামলায় ডায়মন্ডহারবার আদালতে তোলা হয়েছিল সুমিতকে। বিচারক তাঁকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। নগেন্দ্রবাজারে মাছের আড়তের ব্যবসায়ী অভিজিৎ দাস গত ৬ আগস্ট পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সুমিত তাঁর থেকে লক্ষাধিক টাকা তোলা নিয়েছেন। ধৃতের আইনজীবী কিঙ্কর দাস জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে।
এদিকে, সরিষার পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া কোটি টাকা ‘তোলাবাজির অর্থ’ বলে এদিন আলিপুর আদালতে জানিয়েছে ডায়মন্ডহারবার পুলিশ জেলা। কালীতলা আশুতি থানায় জমি কেলেঙ্কারির অভিযোগের তদন্তে নেমে পুলিশ অভিষেকের আপ্ত সহায়ককে জেরা করে ওই পার্টি অফিস থেকে বিপুল অর্থ উদ্ধার করেছিল। আদালতে পুলিশ জানিয়েছে, যাঁরা তোলাবাজির অভিযোগ করেছিলেন, তাঁদের খুঁজে বের করে বয়ান রেকর্ড করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যাট (যেখানে টাকা চাওয়ায় কথা উল্লেখ রয়েছে) নথি আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। যদিও তৃণমূল পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে, রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা। কমিশনকে লেখা চিঠিতে সুস্মিতা পুলিশের হাতে এনকাউন্টার এবং শারীরিক ও মানসিক নির্যাতনের আশঙ্কার কথা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশন চিঠি দিয়েছে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার, ডায়মন্ডহারবার থানা, কালীতলা আশুতি থানা, উস্তি থানাকে।



