নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। নতুন করে কোনো মামলায় পুলিশ যাতে তাঁকে গ্রেপ্তার করতে না পারে, সেই মর্মে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়েছে, মামলার আবেদনে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। ফলে এখনই অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া যাবে না।
এদিকে, বিষ্ণুপুরে ৪০০ কোটি টাকার মাটি দুর্নীতি মামলায় ডায়মন্ডহারবার জেলা পুলিশের অন্তর্গত কালীতলা আশুতি থানার পুলিশ সুমিতকে নতুন করে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। বিষয়টি এদিন আদালতের নজরে এনেছেন সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য।
রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার উপস্থিত না থাকায় রাজ্যের বক্তব্য জানা যায়নি। রাজ্যের বক্তব্য জানার জন্য আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।



