Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ইস্ট বেঙ্গলকে সাহায্য করতে চান সুলে মুসা

আইএসএলে নাম লেখানোর পর থেকেই ব্যর্থতার কানাগলিতে ঘুরপাক খাচ্ছে ইস্ট বেঙ্গল। গত পাঁচ বছরে লিগ টেবিলে একবারও নবম স্থানের উপরে উঠতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।

ইস্ট বেঙ্গলকে সাহায্য করতে চান সুলে মুসা
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে নাম লেখানোর পর থেকেই ব্যর্থতার কানাগলিতে ঘুরপাক খাচ্ছে ইস্ট বেঙ্গল। গত পাঁচ বছরে লিগ টেবিলে একবারও নবম স্থানের উপরে উঠতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। আর তার জন্য দল গঠনের ব্যর্থতাই বারবার সামনে এসেছে। ভুল থেকে শিক্ষা নিয়ে আসন্ন মরশুমে ভালো দল গড়তে মরিয়া ইস্ট বেঙ্গল। কোচ অস্কার ব্রুজোঁর পরামর্শ মেনেই ফুটবলার চয়ন করছে টিম ম্যানেজমেন্ট। তারই মধ্যে পুরনো ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়ালেন সুলে মুসা। রবিবার এক ভিডিও বার্তায় ঘানার এই ডিফেন্ডার বলেন, ‘গত কয়েক বছর ধরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি ইস্ট বেঙ্গল। লাল-হলুদের একজন প্রাক্তন ফুটবলার হিসেবে যা আমার কাছে বেদনার। দীর্ঘদিন যাবৎ দেশের সর্বোচ্চ লিগে কোনও সাফল্য নেই। আর তার অন্যতম কারণ ভালো মানের বিদেশির অভাব। তাই ম্যানেজমেন্ট চাইলে, ঘানা কিংবা আফ্রিকা থেকে ভালো ফুটবলার তুলে আনার জন্য আমি ক্লাবকে সাহায্য করব। ঠিক যেভাবে স্বপনদা (বল) আমাদের খুঁজে এনেছিলেন। আমি চাই, ইস্ট বেঙ্গল ক্লাব আবারও ভারতীয় ফুটবলে স্বমহিমায় শ্রেষ্ঠত্ব মেলে ধরুক। তার জন্য একজন প্রাক্তন ফুটবলার হিসেবে যে কোনওরকম সাহায্যের জন্য আমি তৈরি। আশা করব, ক্লাব ও ম্যানেজমেন্ট আমার কথাকে গুরুত্ব সহকারে শুনবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ