


জয়পুর: ড্রেসিং রুমে বসে ই-সিগারেটে সুখটান। ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ। মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে তাঁর দল। ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে ই-সিগারেট খেতে দেখা যায় পরাগকে। ভিডিয়ো ভাইরাল হতেই রাজস্থান অধিনায়ককে শোকজ করে বিসিসিআই। উল্লেখ্য, আইপিএলের নিয়ম অনুযায়ী, ড্রেসিং-রুমে ধূমপান নিষিদ্ধ। শুধু তাই নয়, এই ই-সিগারেট পুরো ভারতে ব্যান। কেউ সেবন করলে তা দণ্ডনীয় অপরাধ। তাঁকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। পুরো বিষয়টিতে নড়েচড়ে বসেছে ভারতীয় বোর্ডও। এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বোর্ড তদন্ত শুরু করেছে। জবাব চাওয়া হয়েছে ওর থেকে। সবকিছু খতিয়ে দেখার পর সিদ্ধান্ত হবে। ধুমপানের অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়বেন রিয়াগ পরাগ।’
বিতর্কের মধ্যেও পাঞ্জাবের বিরুদ্ধে ২২৩ রান তাড়া করে জেতায় দারুণ খুশি ক্যাপ্টেন রিয়ান পরাগ। তিনি বলেন, ‘আমরা একটু বেশি রান খরচ করেছিলাম। তবে শেষ পর্যন্ত জয় আশায় খুশি। আলাদা করে প্রশংসা করতে হবে বৈভব ও যশস্বীর। ওরা শুরুটা দুর্দান্ত করে। আর শেষটা করল ফেরেইরা ও শুভম।’ উল্লেখ্য, রান তাড়ায় ১৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ফেরেইরা। এছাড়া অর্ধশতরান হাঁকান যশস্বীও (৫১)। আর বৈভবের ব্যাট থেকে আসে ১৬ বলে ৪৩ রান। ১৫ বছরের এই কিশোর প্রতি ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলছে। এই প্রসঙ্গে পাকিস্তানের এক ক্রিকেট বিশ্লেষক অভিযোগ করে, বৈভবের ব্যাটে নাকি এআই চিপ লাগানো আছে! সেই প্রসঙ্গে পাঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়ায় মজা করে সূর্যবংশীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে বৈভবের মন্তব্য, ‘হ্যাঁ, ঈশ্বরই সেই চিপ লাগিয়ে দিয়েছেন।’