সংবাদদাতা, বালুরঘাট: বোল্লা কালীপুজো ও মেলা উপলক্ষ্যে দু’টি বিশেষ ট্রেন চালানোর দাবি উঠল। আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বোল্লা কালীপুজো ও মেলা চলাকালীন কোচবিহার ও কলকাতা থেকে বালুরঘাট পর্যন্ত দু’টি বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রীর আছে আবেদন জানিয়েছেন সুকান্ত। প্রথম ট্রেনটি নিউ কোচবিহার-বালুরঘাট ও দ্বিতীয় ট্রেনটি কলকাতা-বালুরঘাটের মধ্যে চালানোর আবেদন জানানো হয়েছে।
ট্রেন চালানোর পাশাপাশি এবার বোল্লা মেলার দিনগুলিতে আর স্বাস্থ্যশিবির নয়, রীতিমতো অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা মন্দিরের পিছনে বোল্লা হাইস্কুলের ভবনের কক্ষে এই হাসপাতাল গড়ে তোলা হবে। হাসপাতলে থাকবে পর্যাপ্ত বেড, ইনডোর ও আউটডোর পরিষেবা। থাকবে সমস্ত ধরনের চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধপত্র।
বোল্লা মেলার সময় ট্রেন চেয়ে সুকান্ত মজুমদার রেলমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন, বোল্লা কালীপুজো উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এই পুজো ও মেলাকে কেন্দ্র করে প্রতিবছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ওই সময় বহু মানুষ বালুরঘাটে আসেন। ফলে নিয়মিত ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় হয়। তাই আমি রেলমন্ত্রীকে দু’টি বিশেষ ট্রেন চালানোর আবেদন জানাচ্ছি।
বোল্লা মায়ের পুজো ও মেলা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। বাইরে থেকে প্রচুর মানুষ আসেন। সেই কারণে বিশেষ ট্রেন চালু হলে পুণ্যার্থীদের সুবিধা হবে। রাজ্যে এবার নতুন সরকার। বোল্লা মেলার ভিড়ের কথা সকলেই জানেন। সম্প্রতি কলকাতায় চোরবাগানের ঘটনা এখনও মানুষ ভুলতে পারেন নি। তাই সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সর্তক থাকছে প্রশাসন। মেলার হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী রাখা হবে। প্রয়োজনে ওই অস্থায়ী হাসপাতালে ভর্তি করে রোগীদের চিকিৎসা চলবে। হাসপাতালে থাকবে তিনটি অ্যাম্বুলেন্সের পরিষেবা। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, এবার বোল্লা মেলা প্রাঙ্গণে অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। আমরা দু’টি বড় রুম চেয়েছি। একটিতে আউটডোর ও অন্যটিতে ইনডোর পরিষেবা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বোল্লা মেলা প্রাঙ্গণে পুণ্যার্থী ও দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এবছর আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রক্তচাপ, রক্তে শর্করা, অক্সিজেনের মাত্রা, পালস ও তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা, ডিহাইড্রেশন-সহ বিভিন্ন সাধারণ অসুস্থতার চিকিৎসা করা হবে। থাকবে চার শয্যা বিশিষ্ট ইনডোর বিভাগ, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর, নেবুলাইজার, আইভি ফ্লুইড, ড্রেসিং ও জরুরি জীবন রক্ষাকারী ওষুধের ব্যবস্থা। পাশাপাশি দু’টি আউটডোর মেডিক্যাল কাউন্টার ও একটি এএলএস অ্যাম্বুল্যান্স থাকবে। চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা প্রতিটি শিফটে পরিষেবা দেবেন বলেই জানা গিয়েছে।



