নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে স্ত্রী’র বাৎসরিক কাজের অনুষ্ঠানে লোকজন নিমন্ত্রণ করে খাওয়ানোর অনুমতি দিল হাইকোর্ট। যদিও রয়েছে বেশ কিছু শর্ত। অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। নিরাপত্তারক্ষীর নজরদারিতে বর্তমানে তিনি গৃহবন্দি। এর মধ্যেই বাড়ির বাইরে গিয়ে স্ত্রীর বাৎসরিকের কাজ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার তাঁর আবেদন অনুমোদন করে আদালত জানিয়েছে, বাড়ির বাইরে গিয়ে অনুষ্ঠান করা যাবে না। নিজের পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া অতিরিক্ত ১০ জনকে আমন্ত্রণ জানাতে পারবেন সুজয়কৃষ্ণ। সব মিলিয়ে মোট ৩৫ জন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। যে ৩৫ জন অনুষ্ঠানে থাকবেন, তাঁদের সবার আধার এবং বিস্তারিত বিবরণ ৪৮ ঘন্টা আগে সিবিআইয়ের কাছে জমা দিতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে। আত্মীয়রা প্রবেশের সময় সিআরপিএফ তাঁদের পরিচয়পত্র চেক করবে। এদিকে, ‘কাকু’র অন্তর্বর্তী জামিনের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৬ জুলাই মূল জামিন মামলার শুনানি।



