Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইউএস ওপেনে দুরন্ত ছন্দে সুইয়াটেক ও ওসাকা, আলকারাজের জয়ের রথ ছুটছেই

ইউএস ওপেনে দুরন্ত ছন্দে সুইয়াটেক ও ওসাকা, আলকারাজের জয়ের রথ ছুটছেই
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৯
Prefer us on Google

নিউ ইয়র্ক: অপ্রতিরোধ্য কার্লোস আলকারাজ। অনায়াসেই ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমি-ফাইনালে উঠলেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিনি ৬-৪, ৬-২, ৬-৪ সেটে হারালেন জিরি লেহেকাকে। ২২ বছর বয়সি এই বছর জিতেছেন ফরাসি ওপেন। উইম্বলডনের ফাইনালে যদিও পরাজিত হন আলকারাজ। 

Advertisement

তাঁকে যিনি হারিয়েছিলেন সেই জানিক সিনারও ইউএস ওপেনে রয়েছেন বিধ্বংসী মেজাজে। ঝড় তুলে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি। শীর্ষ বাছাই ইতালীয় তারকা ৬-১, ৬-১, ৬-১ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন আলেকজান্ডার বাবলিককে। সময় লাগল মাত্র এক ঘণ্টা ২১ মিনিট। এবারের আসরে যা সংক্ষিপ্ততম ম্যাচের তালিকায় দু’নম্বরে থাকছে। প্রথম রাউন্ডে চেক প্লেয়ার টমাস মাচাক এক মিনিট কম সময় নিয়েছিলেন লুকা নার্ডির বিরুদ্ধে জিততে। অল্পের জন্য সেই নজির হাতছাড়া হলেও মঙ্গলবার একচ্ছত্র আধিপত্য দেখান সিনার। শেষ আটের ম্যাচে তিনি মুখোমুখি হবেন স্বদেশীয় দশম বাছাই লরেঞ্জো মুসেত্তির। গত জুনে জার্মানিতে হ্যাল ওপেনে বাবলিকের কাছে হেরেছিলেন সিনার। ঘাসের কোর্টে হয়েছিল সেই ম্যাচটি। তবে হার্ড কোর্টে সিনারকে সামলানো যে কত কঠিন, তা হাড়ে হাড়ে টের পেলেন ২৩তম বাছাই বাবলিক। 
এদিকে, মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনালে উঠলেন চতুর্থ বাছাই জেসিকা পেগুলা। কোয়ার্টার ফাইনালে তিনি ৬-৩, ৬-৩ সেটে হারালেন বারবার ক্রেজিকোভাকে। এই নিয়ে টানা দু’বার ফ্লাশিং মিডোয় শেষ চারে উঠলেন পেগুলা। এখনও পর্যন্ত কোনও সেট হারাননি তিনি। এদিনও জিতলেন স্ট্রেট সেটে। ছন্দে রয়েছেন ইগা সুইয়াটেক, নাওমি ওসাকাও। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দু’জনেই। দ্বিতীয় বাছাই সুইয়াটেক ৬-৩, ৬-১ সেটে হারান একেতারিনা আলেকজানড্রোভাকে। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী অষ্টম বাছাই আমান্দা আনিসিমোভা।
২৩তম বাছাই ওসাকা ৬-৩, ৬-২ সেটে হারান কোকো গফকে। ২০২১ সালের পর প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠেছেন তিনি। এবার ওসাকার প্রতিদ্বন্দ্বী ১১তম বাছাই ক্যারোলিনা মুচোভা। অন্যদিকে, মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামসও। লেলাহ ফার্নান্ডেজের সঙ্গে জুটি বেঁধে তিনি ৬-৩, ৬-৪ সেটে হারান একেতারিনা আলেকজান্দ্রোভা ও ঝাং শুয়াই জুটিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ