সুব্রত ধর, শিলিগুড়ি: চিনির দাম বৃদ্ধিতে বেড়েছে মিষ্টির দামও। তা সত্ত্বেও শিলিগুড়িতে ভাইফোঁটা উপলক্ষ্যে জমজমাট মিষ্টির বাজার। ‘সুগারফ্রি’ নিরাসন্দেশ, রসগোল্লা থেকে সোশ্যাল মিডিয়া লেখা মিষ্টির চাহিদা তুঙ্গে। সেই সঙ্গে শুধুমাত্র সন্দেশ দিয়ে প্রস্তুত ভাইফোঁটার তত্ত্ব বা ডালা মাত করেছে বাজার। আজ, মঙ্গল ও কাল, বুধবার মিষ্টির দোকানে ভিড় আরও বাড়বে বলেই ব্যবসায়ীদের প্রত্যাশা। এজন্য কিছু ব্যবসায়ী অতিরিক্ত কারিগর ও কর্মী নিয়োগ করেছেন। এনিয়ে মিষ্টি ব্যবসায়ীরা রীতিমতো উচ্ছ্বসিত।
চিনির দাম ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে চিনির দর ৫০ টাকা কেজি অতিক্রম করেছে। এর প্রভাব মিষ্টি উৎপাদন শিল্পে পড়েছে। সন্দেশ, রসগোল্লা সহ বিভিন্ন ধরনের মিষ্টির দাম বেড়েছে। তা হলেও মিষ্টিতে না নেই উৎসব প্রিয় বাঙালির। ভাইফোঁটার জন্য সোমবারই অনেকে মিষ্টি কেনেন। আবার কেউ কেউ ভাইফোঁটা লেখা মিষ্টির অর্ডার দিয়ে যান দোকানে।
এদিন বিধানরোডে একটি মিষ্টির দোকানে কেনাকাটির ফাঁকে সোমা সরকার নামে এক গৃহবধূ বলেন, বাপেরবাড়ি কোচবিহার। বাড়িতে ভাইফোঁটা আছে। মঙ্গলবার দুপুরে বাসে রওনা দেব। সেজন্য ভাইফোঁটা লেখা তত্ত্ব ও সুগারফ্রি রসগোল্লা তৈরির অর্ডার দিলাম। কোচবিহারে রওনা দেওয়ার আগে এখান থেকে নিয়ে যাব। হাকিমপাড়ার কণিকা সাহা বলেন, ভাইফোঁটার জন্য কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি। দু’জনেরই বক্তব্য, মিষ্টির দাম গত ক’মাসে একলাফে প্রতি পিস পাঁচ থেকে সাত টাকা বেড়েছে। মিষ্টি ছাড়া বাঙালি চলতে পারে না। আর মিষ্টি ছাড়া ভাবাই যায় না বাঙালির উৎসব। তাই দাম বৃদ্ধি হলেও কিনতে তো হবেই।
শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় ধর বলেন, চিনির দাম বৃদ্ধির জেরে মিষ্টির দাম কিছুটা বেড়েছে। তা হলেও ভাইফোঁটার বাজার ভালো।
শিলিগুড়ি শহরে ছোটো-বড়ো মিলিয়ে মিষ্টির দোকানের সংখ্যা প্রায় দু’শো। ইতিমধ্যে ভাইফোঁটা উপলক্ষ্যে শহরের অধিকাংশ মিষ্টির দোকানের শোকেজ সেজে উঠেছে নতুন ধরনের মিষ্টিতে। কোথাও সোশ্যাল মিডিয়া লেখা সন্দেহ পাওয়া যাচ্ছে। কোথাও শুকনো হরেকরকম মিষ্টি সাজানো। আবার কোথাও ডাবের জল দিয়ে তৈরি নিরাসন্দেহ ও রসগোল্লা তৈরি করা হয়েছে। সেগুলি সুগারফ্রি। যার দাম ২৫-৩৫ টাকা প্রতি পিস। এরবাইরে ১৫-২০ রকম সন্দেশের পদ দিয়ে ভাইফোঁটার তত্ত্ব সাজানো হয়েছে। যার দাম ১৫শো থেকে দুই হাজার টাকার মধ্যে।
শিলিগুড়ি সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, এবার দুর্গাপুজো, ধনতেরস, কালীপুজো ও দীপাবলিতে ব্যবসা চাঙ্গা ছিল। গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি ব্যবসা হয়েছে। • নিজস্ব চিত্র।



