কাকদ্বীপে গণ ভাইফোঁটা চায়ের দোকানদার সুধাংশুর, অভাব সত্ত্বেও ৪০০ জনের ভোজ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বপন দাস, কাকদ্বীপ: মাটির দেওয়াল ও টালির ছাউনি দেওয়া চারচালার ছোট বাড়িটির সামনের অংশে একটি চায়ের দোকান চালান সুধাংশু পাইক। দোকানের পিছনে ছোট একটি জায়গায় পরিবার নিয়ে বাস করেন। অভাব তাঁর রোজকার সঙ্গী। তবু কিছু শখ আছে যা নিয়ে কার্পণ্য করেন না। প্রায় ১৬ বছর ধরে সুধাংশু পাইক মোটা টাকা খরচ করে গণ ভাইফোঁটার আয়োজন করছেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। 

Advertisement

কাকদ্বীপের বাসিন্দা সুধাংশু। বুধবার প্রায় ৩০০ শিশুকে ভাইফোঁটা দেওয়ার আয়োজন করেছিলেন। বাচ্চাগুলির কপালে চন্দনের ফোঁটা দিয়েছে একাধিক স্কুলের ছাত্রীরা। প্রত্যেককে নতুন জামা দেওয়া হয়েছে। ফোঁটা শেষে ভুরিভোজের আয়োজনও ছিল। তা বেশ জমজমাট। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, ফুলকপি-আলুর তরকারি, মাছ, মাংস, চাটনি, পাঁপড় এবং পায়েস। প্রায় ৪০০ জন কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করেছে। 
সুধাংশুবাবুরা তিন ভাই ও চার বোন। বাবা অন্যের জমিতে চাষবাসের কাজ করে সংসার চালাতেন। দরিদ্র পরিবারটি কখনও ভাইফোঁটার স্বাদ পায়নি। সেই আক্ষেপ ছোটবেলা থেকেই ছিল মনের মধ্যে। এখন সাবলম্বী হওয়ার পর ছোটোবেলার দুঃখ ভুলতে তিনি গণ ভ্রাতৃদ্বিতীয়ার আয়োজন করেন। তাঁর অনুষ্ঠান শতশত কচিকাঁচার মুখে হাসি ফোটায়। সুধাংশুবাবু বলেন, ‘এই অঞ্চলে বহু কচিকাঁচা আছে যারা ভাইফোঁটার আনন্দ অনুভব করতে পারে না। একসময় আমিও পারিনি। তাই বাচ্চারা এই আনন্দ থেকে যাতে ছোটবেলায় বঞ্চিত না হয় তাই গণ ভ্রাতৃদ্বিতীয়ার আয়োজন করি।’  নিজস্ব চিত্র