মুম্বই, ২৭ জুলাই: দুবাইগামী বিমানে আচমকাই ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। তড়িঘড়ি গুজরাতের রাজকোট এয়ারপোর্টে জরুরি অবতরণ করল বিমান। জানা গিয়েছে, ইন্ডিগোর বিমান ৬ই ১৪৫২ মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। তাতে ছিলেন ১৯৪ জন যাত্রী। এরপর প্লেনের কার্গো হোল্ড অর্থাৎ যেখানে মালপত্র রাখা থাকে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিপদ বুঝে রাজকোট এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। দুর্ঘটনার আশঙ্কায় রাজকোট বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় দমকল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং পুলিশ বাহিনীকে। কিন্তু শেষমেশ সুরক্ষিত ভাবেই বিমানটি রাজকোট এয়ারপোর্টে অবতরণ করে।



