Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়ূরাক্ষীতে হঠাৎ জলস্তর বৃদ্ধি, তীব্র স্রোতে নৌকা চলাচল বন্ধ, ঘুরপথে যাতায়াত করছেন বড়ঞার এলাকাবাসীরা

ময়ূরাক্ষীতে হঠাৎই জলস্তর বৃদ্ধি। ফলে বিপাকে পড়েছেন বড়ঞা ব্লকের পাঁচথুপী, সুন্দরপুর ও ভরতপুর ১ ব্লকের গড্ডা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশ।

ময়ূরাক্ষীতে হঠাৎ জলস্তর বৃদ্ধি, তীব্র স্রোতে নৌকা চলাচল বন্ধ, ঘুরপথে যাতায়াত করছেন বড়ঞার এলাকাবাসীরা
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ময়ূরাক্ষীতে হঠাৎই জলস্তর বৃদ্ধি। ফলে বিপাকে পড়েছেন বড়ঞা ব্লকের পাঁচথুপী, সুন্দরপুর ও ভরতপুর ১ ব্লকের গড্ডা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশ। জলস্তর বৃদ্ধির কারণে বড়ঞার সর্বশ্রী ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে ওই এলাকার বাসিন্দাদের প্রায় ১২ কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ময়ূরাক্ষীতে জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে বরিবার সকালে উঠে বাসিন্দারা রীতিমত অবাক হয়ে যান। বাসিন্দা নদীয়া ঘোষ বলেন, সকালে নদীর পাড়ে গোরু চড়াতে এসে দেখি দুকূল বইছে। হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় অবাক হয়েছি। এরপর বেলা বাড়লে বাসিন্দাদের দুর্ভোগ শুরু হয়। কারণ সর্বশ্রী ফেরিঘাটের মাঝি তপন মাঝি নৌকা চালানোর চেষ্টা করেও বিফল হন। তিনি বলেন, নদীতে স্রোত খুব। দাঁড় টানা নৌকায় সামাল দেওয়া যাচ্ছিল না। এতে ঝুঁকি থাকায় পারাপার বন্ধ করে দিতে বাধ্য হই।
ফলে বাসিন্দাদের এবার ভোগান্তিও শুরু হয়। ওই তিন পঞ্চায়েত এলাকার অন্তত ১২টি গ্রামের মানুষ এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করেন। কিন্তু নৌকা পারাপার বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের প্রায় ১২ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। পাঁচথুপীর বাসিন্দা গৌরকিশোর ঘোষ বলেন, নদীর ওপারে ধানের জমি দেখতে যাচ্ছিলাম। কিন্তু নৌকা বন্ধ। এবার ডাকবাংলা, সুন্দরপুর হয়ে প্রায় ১২ কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হবে। যদিও কান্দি মহকুমা সে দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার তিলিপাড়া ব্যারেজ থেকে প্রায় ১৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। শনিবার রাতে ছাড়া জল এসে পৌঁছতেই জলস্তর বৃদ্ধি পায়। তবে দ্রুত জলস্তর নেমে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ