Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটিতে হঠাত্ রদবদল

মাথাভাঙা-১ (বি) ব্লকের তিনটি অঞ্চল কমিটিতে রদবদল করল তৃণমূল। এনিয়ে দলের অন্দরে শোরগোল।

তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটিতে হঠাত্ রদবদল
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ (বি) ব্লকের তিনটি অঞ্চল কমিটিতে রদবদল করল তৃণমূল। এনিয়ে দলের অন্দরে শোরগোল। একইসঙ্গে মাথাভাঙা-১ (এ) ব্লকের জোরপাটকি অঞ্চল কমিটির সভাপতি, চেয়ারম্যানকে সরিয়ে আনা হয়েছে নতুন মুখ। তুফানগঞ্জ মহকুমার দু’টি অঞ্চল কমিটিতেও রদবদল করা হয়েছে। হঠাত্ এমন রদবদল হতেই বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূলের দাবি, এই রদবদল রুটিনমাফিক। 

Advertisement

মাথাভাঙা-১ (বি) ব্লকের পচাগড়, হাজরাহাট-১ ও ২ গ্রামপঞ্চায়েত মাথাভাঙা বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত। মাথাভাঙা শহর লাগোয়া তিনটি গ্রাম পঞ্চায়েতে গত লোকসভা নির্বাচনে বিজেপির চেয়ে এগিয়ে ছিল তৃণমূল। তবে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, দলের অভ্যন্তরে কোথাও কোথাও অঞ্চল সভাপতি, চেয়ারম্যানকে ঘিরে ক্ষোভ দানা বাঁধছে। এর থেকে সতর্ক হয়েই মাথাভাঙা-১ (বি) ব্লকের তিনটি অঞ্চল কমিটির চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে।
অপরদিকে, মাথাভাঙা-১ (এ) ব্লকের জোরপাটকি অঞ্চল কমিটির চেয়ারম্যান, সভাপতি দু’জনকে সরিয়ে দেওয়া হয়েছে। অঞ্চল কমিটির রদবদল করা হয়েছে তুফানগঞ্জের বালাভূত এবং বলরামপুরেও। জোরপাটকিতে চেয়ারম্যান করা হয়েছে তরেন্দ্রনাথ বর্মনকে। সভাপতি  বিক্রমজিৎ বর্মন, সহ সভাপতি হয়েছেন কমলকুমার অধিকারী। সরিয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যান পরেশচন্দ্র বর্মন এবং সভাপতি কেশবচন্দ্র বর্মনকে। কেশবচন্দ্রকে ব্লক কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।
পচাগড়, হাজরাহাট-১, হাজরাহাট-২ অঞ্চল কমিটির চেয়ারম্যান যথাক্রমে জয়ন্ত রায়, সত্যেন বর্মন ও সরোদ বর্মনকে সরিয়ে ব্লক কমিটিতে রাখা হয়েছে। তাঁদের জায়গায় দীপক প্রামাণিক, চন্দ্রকান্ত বর্মন ও ধনঞ্জয় বর্মনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, সভাপতি হিসেবে থেকে গেলেন সঞ্জয় বিশ্বাস, উত্তম সরকার এবং বিজেন বর্মন।
এব্যাপারে কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন বলেন, বিধানসভা নির্বাচনে জয়লাভের লক্ষ্যে কিছু অঞ্চল কমিটিতে রদবদল করা হয়েছে। মাথাভাঙা-১ (বি) ব্লকের তিনটি অঞ্চলের চেয়ারম্যান পদে বদল হয়েছে। দলে যাঁরা সক্রিয়, তাঁদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঝাড়াই বাছাইয়ে দলের নিচুতলার কর্মীদের দাবি মেনে নেওয়া হয়েছে। আশা করছি, নতুন দায়িত্বপ্রাপ্তরা সক্রিয়ভাবে কাজ করবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ