Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোতেরায় দুরন্ত অর্ধশতরান সুদর্শনের, ফের ব্যর্থ রোহিত, হার্দিকদের দাপটে হারাল গুজরাত টাইটান্স

শনিবার মোতেরায় হার্দিক পান্ডিয়াদের ৩৬ রানে বশ মানাল গুজরাত টাইটান্স।

মোতেরায় দুরন্ত অর্ধশতরান সুদর্শনের, ফের ব্যর্থ রোহিত, হার্দিকদের দাপটে হারাল গুজরাত টাইটান্স
  • ৩০ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

আমেদাবাদ: টানা দ্বিতীয় ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের। শনিবার মোতেরায় হার্দিক পান্ডিয়াদের ৩৬ রানে বশ মানাল গুজরাত টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাট করে শুভমান গিলদের সংগ্রহ ৮ উইকেটে ১৯৬। জবাবে মুম্বই থামে ৬ উইকেটে ১৬০ রানে। ৪টি চার ও ২টি ছক্কা সহ ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলে গুজরাতের জয়ের অন্যতম নায়ক সাই সুদর্শন। তবে ফিল্ডিংয়ের সময় এই তরুণ ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছাড়ায় চিন্তিত টাইটান্স শিবির।

Advertisement

মূলত ব্যাটিং ব্যর্থতাই ডোবাল মুম্বইকে। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা। দুটো বাউন্ডারি মারার পর মহম্মদ সিরাজের স্বপ্নের ডেলিভারিতে ছিটকে গেল হিটম্যানের (৮) স্টাম্প। অপর ওপেনার রিকেলটনও (৬) সিরাজের শিকার। অবশ্য প্রাথমিক এই ধাক্কা সামলে নেন তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব জুটি। তৃতীয় উইকেটে তাঁরা স্কোরবোর্ডে যোগ করেন ৬২ রান। তবে তিলক (৩৯) আউট হতেই ফের চাপে পড়ে যায় মুম্বই। ইমপ্যাক্ট সাব রবিন মিনজ (৩) এদিনও দাগ কাটতে ব্যর্থ। এই পর্বে পাঁচবারের চ্যাম্পিয়নদের রীতিমতো চেপে ধরেন প্রসিদ্ধ কৃষ্ণরা। অর্ধশতরান থেকে দু’রান দূরে থামেন সূর্যকুমার। এরপর হার্দিক (১১) আউট হতেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। শেষদিকে নমন ও স্যান্টনার চেষ্টা চালালেও দলের হার এড়ানো সম্ভব হয়নি। গুজরাতের হয়ে সিরাজ ও প্রসিদ্ধ দু’টি করে উইকেট নিয়েছেন।
পক্ষান্তরে, প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ধুরে দাঁড়াল গুজরাত। টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের সাই সুদর্শন (৪১ বলে ৬৩), ক্যাপ্টেন গিল (২৭ বলে ৩৮) এবং জস বাটলারের (২৪ বলে ৩৯) দাপটেই দুশোর কাছাকাছি পৌঁছয় টাইটান্সরা। ঘরের মাঠে ওপেনিং জুটিতে ওঠে ৭৮। গিলকে ফিরিয়ে গুজরাত শিবিরে প্রথম আঘাত হানেন হার্দিক। জিটি অধিনায়কের ইনিংস সাজানো ছিল চারটি চার ও একটি ছক্কায়। গিলের সঙ্গী ওপেনার সাই সুদর্শনকেও অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। গত মরশুমেও এই বাঁহাতি ওপেনার দারুণ ছন্দে ছিলেন। সেই ফর্ম এবারও অব্যাহত। শনিবার ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। সুদর্শনের ইনিংসে ছিল চারটি চার ও দুটো ছক্কা। উল্লেখ্য, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর ব্যাটে এসেছিল ৭৪। দুই ম্যাচে ১৩৭ রান করে ফেললেন তিনি। প্রশংসা করতে হবে জস বাটলারেরও। গিল আউট হওয়ার পর রানের গতি পড়তে দেননি ইংলিশ তারকা। তবে বাটলারও তিরিশের ঘর পেরোননি। তাঁর ঝোড়ো ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও একটি ছক্কায়। একসময় মনে হচ্ছিল ২২০-এর বেশি তুলতে চলেছে গুজরাত। কিন্তু বাটলার আউট হতেই কিছুটা ছন্দ কাটে তাদের। পাঁচে নামা শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে ১৮ রানের বেশি আসেনি।  শাহরুখ খান (৯), রাহুল তেওয়াটিয়া (০), রশিদ খান (৬), সাই কিশোররা (১) সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। শেষ পর্যন্ত  দু’শো থেকে চার রান দূরে থামে গুজরাত। মুম্বইয়ের সফলতম বোলার হার্দিক পান্ডিয়া দু’টি উইকেট নিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ