সংবাদদাতা, সাঁইথিয়া: উচ্ছেদ অভিযান বন্ধ হতেই সিউড়ি শহরে সদর হাসপাতালের সামনের রাস্তায় ফুটপাত দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা। রাস্তাতেই নামিয়ে রাখা হচ্ছে দোকানের নানান সামগ্রী। সেই কারণে মাঝে মধ্যেই হাসপাতাল ঢোকার মুখে থমকে যাচ্ছে অ্যাম্বুলেন্সের চাকা। ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে আসা রোগী, তাঁর আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের। যানজট বাড়ছে, ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভাকে বেশ কয়েকবার জানানো হলেও এব্যাপারে পুরসভা কোনও পদক্ষেপ নেয়নি। প্রতিদিন এই সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। পুরসভার দাবি, বারংবার উচ্ছেদ অভিযান করা সত্ত্বেও মানুষের মধ্যে যদি বিবেকবোধ জাগ্রত না হয় সেক্ষেত্রে পুরসভার কিছু করণীয় নেই। শহরকে সাজানোর দায়িত্ব যেমন পুরসভার সেরকম শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব পুরসভার পাশাপাশি সাধারণ নাগরিকদের। সার্কিট হাউস মোড় থেকে সিউড়ি সদর হাসপাতাল পর্যন্ত প্রধান রাস্তাটি প্রায় তিন-চার বছর আগে সংস্কার করে পুরসভা। চলতি বছরের জুন-জুলাই মাস নাগাদ রাস্তার উপরে থাকা দোকানগুলিকে উচ্ছেদ করা হয়। কিন্তু পুরসভার নজরদারির অভাবে ফুটপাত দখল করে ফের ব্যবসা শুরু করেন। সিউড়ি সদর হাসপাতালে সামনের রাস্তায় দখল করে ব্যবসা করায় নিত্যদিন যানজটে ভোগান্তিতে পড়তে হয় শহরবাসীকে। এমনকী, অনেক সময় যানজটের কারণে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুরসভাকে বহুবার জানানো হয়েছিল এই দোকানগুলি উচ্ছেদের জন্য। কিন্তু কোনও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা জয়ন্ত দাঁ বলেন, পুজোর আগে পুরসভা থেকে উচ্ছেদ অভিযান চলানো হলেও আবার আগের অবস্থায় ফিরে আসে ব্যবসায়ীরা। দোকানের পাশাপাশি রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য টোটো, ফলে নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় পুরসভা থেকে প্রশাসন, সবস্তরেই জানানো হয়েছিল। কিন্তু আজ অব্দি কোনও ব্যবস্থা নেননি তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করেন জেলাশাসক থেকে শুরু করে মহকুমা শাসক ও অন্যান্য সরকারি আধিকারিকরা। যানজটের ফলে মাঝে মধ্যে তাঁদেরও হিমশিম খেতে হয়। কিন্তু তারপরেও দোকানগুলিকে উচ্ছেদ করা হয়নি। যানজট নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। ফুটপাতের উপরে থাকা ব্যবসায়ীদের জন্য মাঝেমধ্যে নিকাশি ব্যবস্থাও পরিষ্কার করা হয় না। যার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। বাসিন্দারা চাইছেন, প্রশাসন কঠোরভাবে ফুটপাত দখলমুক্ত করে শহরে চলাচলের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ তৈরি করুক। সদর হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরেশ পাল বলেন, হাসপাতাল ঢুকতেই গেটের দু’ধারে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। এরফলে হাসপাতালের সামনের রাস্তায় একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, হাসপাতালে সামনের রাস্তা থেকে শহরে প্রথম উচ্ছেদ অভিযানের কাজ শুরু করা হয়। কিন্তু বারংবার পুরসভা উচ্ছেদ অভিযান করতে গিয়ে থমকে যায়। বহু বাধার মুখে পড়তে হয়। ব্যবসায়ীরা যদি নিজেরা সতর্ক না হয়, সেক্ষেত্রে পুরসভার কিছু করণীয় থাকে না। পুরসভা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে হাসপাতাল চত্বর।



