আল আমেরাত: টার্গেট ৩৩৮। তা তাড়া করতে নেমে ৩০৯ রানে ৯ উইকেট খোয়ায় ভারতের যুব দল। পাকিস্তান ধরেই নিয়েছে যে ম্যাচ তাদের। কিন্তু ১০ নম্বরে ব্যাট করতে নামা ভারতের মোহিত উলভা তা ভাবেননি। হয়তো নিজেকে উদ্বুদ্ধ করার জন্য বিড়বিড় করেছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়...’। শেষ পর্যন্ত ২৬ বলে তাঁর ঝোড়ো অপরাজিত ৪৯ রানের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এই পাকিস্তান বধ।
শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দু’হাত শূন্যে তুলে তাঁর যুদ্ধ জয়ের সেলিব্রেশন! নায়ক বলছিলেন, ‘শেষ ওভারে টানটান উত্তেজনা ছিল। জানতাম, ওরা পারবে না। স্নায়ুর চাপকে বশ মানিয়েই এই সাফল্য।’ কথাগুলো বলার সময় তাঁর চোখেমুখে হাজার ওয়াটের হাসি। একটু থেমে উলভার সংযোজন, ‘এই টুর্নামেন্টে তেমন পারফরম্যান্স মেলে ধরতে পারছিলাম না। তবে ফাইনালের আগে মনে হয়েছিল, দিনটা আমারই। উইকেটও ব্যাটিং সহায়ক ছিল। তাই প্রতিপক্ষ যত বড়োই টার্গেট দিক না কেন, তাড়া করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তাছাড়া ১০ আমার ফেভারিট নম্বর। এই পজিশনে নেমে অনেক রান করেছি। এদিনও হতাশ করিনি। পাশাপাশি মানালও মূল্যবান ইনিংস উপহার দিয়েছে। ওর প্রশংসাও করতে হবে।’ অন্যদিকে, নাকের ডগা থেকে ট্রফি বেরিয়ে যাওয়ায় হতাশ পাকিস্তানের ক্যাপ্টেন ফারহান ইউসুফ। তাঁর মন্তব্য, ‘স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল। কিন্তু অসাধারণ খেলেছে ভারত। ওদের কৃতিত্ব দিতেই হবে।’



