Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর পঞ্চান্নগ্রাম ও সত্যজিৎ রায় মেট্রোর কাছে তৈরি হচ্ছে সাবওয়ে

ইএম বাইপাসে যানবাহনের সংখ্যা বাড়ছে। গাড়ি চলাচল আরও দ্রুত করতে ও পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বাইপাসের দু’জায়গায় দু’টি নয়া সাবওয়ে তৈরি করছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)।

উত্তর পঞ্চান্নগ্রাম ও সত্যজিৎ রায় মেট্রোর কাছে তৈরি হচ্ছে সাবওয়ে
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইএম বাইপাসে যানবাহনের সংখ্যা বাড়ছে। গাড়ি চলাচল আরও দ্রুত করতে ও পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বাইপাসের দু’জায়গায় দু’টি নয়া সাবওয়ে তৈরি করছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)। তার একটি তৈরি হচ্ছে উত্তর পঞ্চান্নগ্রামে। অন্যটি সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের কাছে। এর ফলে পথচারীদের যাতায়াত সুগম হবে বলে দাবি প্রশাসনের।

Advertisement

সাবওয়ে তৈরির কাজ প্রায় শেষের পথে। আন্ডারপাসগুলি ৫০ মিটার দীর্ঘ ও ১০ ফুট চওড়া। কেএমডিএ’র এক আধিকারিক বলেন, ইএম বাইপাসে পুরনো কালভার্ট রয়েছে। সেগুলি সাবওয়ে বা আন্ডারপাসে রূপান্তরিত করা হচ্ছে। দু’টি সাবওয়ে চালু হলে বাইপাসে সাতটি আন্ডারপাস চালু হয়ে যাবে। এর ফলে রাস্তায় গাড়ি চলাচলের গতি বাড়বে। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রাস্তা পারাপার করতে সাধারণ মানুষের সুবিধা হবে। দুর্ঘটনার আশঙ্কা কমবে। বর্তমানে বাইপাসের উপর কালিকাপুরে একটি, সায়েন্স সিটিতে দু’টি, বেলেঘাটা ও বেলেঘাটা লেকের কাছে একটি করে মোট পাঁচটি সাবওয়ে আছে। সেগুলি দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। আগামী দিন এয়ারপোর্ট-গড়িয়া মেট্রো পুরোদমে চালু হলে বাইপাসে ভিড় বাড়বে। তখন নতুন সাবওয়ে নাগরিক-পরিষেবায় সুবিধা দেবে।
এর পাশাপাশি জানা গিয়েছে, বাইপাসে যানজটের অন্যতম কারণ চিংড়িঘাটার ‘চিকেনস নেক’। ওই অংশে গাড়ি ঘোরানোর জায়গায় রাস্তা অপরিসর হওয়ায় গতি কমে যায়। সিগন্যালে আটকে থাকে গাড়ি। এছাড়া চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটি যেতে রাস্তার ধারে দোকান ও ফ্ল্যাটবাড়ি রয়েছে। ওই এলাকা সুকান্তনগর নামে পরিচিত। সেই বাড়ি ভেঙে ওই অংশের রাস্তা চওড়া করা হবে। পাশপাশি সেখানে কিছুদূর এগিয়ে নিকাশি খালের উপর যে ব্রিজ রয়েছে, সেখানে আরও একটি ব্রিজ বানানো হবে। যাতে চিংড়িঘাটায় রাস্তা চওড়া হয়। তার জন্য সুকান্তনগরের বাসিন্দাদের পুনর্বাসন দেবে কেএমডিএ। ইতিমধ্যেই সুকান্তনগরেই কাছাকাছি একটি জায়গায় নতুন দোতলা বাড়ি নির্মাণের টেন্ডার ডাকা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ