নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার থেকে অনলাইনে কৃষি যন্ত্রাংশ ভরতুকির আবেদন পত্র নেওয়া শুরু করল রাজ্য। ৬৭ হাজার ৫৮৫জন কৃষককে ৪০৭ কোটি টাকা ভরতুকি দেওয়া হবে। সেই কারণে অনলাইনে জমা পড়া আবেদন থেকে লটারির মাধ্যমে উপভোক্তা বাছাই করা হবে। লটারিতে যাঁরা বাদ পড়বেন, তাঁরা পরের অর্থবর্ষে ফের আবেদন করতে পারবেন। ট্রিলার, পাওয়ার উইডার, পাওয়ার রিপার, পাম্পসেট, ধান ঝাড়াই যন্ত্রসহ নানা আধুনিক কৃষি যন্ত্রাংশের ক্ষেত্রে মিলবে এই ভরতুকি। একই সঙ্গে ৫০০টি কাস্টম হায়ারিং সেন্টার, ১০৮৫টি ফার্ম মেশিনারি ব্যাংক এবং ১০০টি আধুনিক কিষান ড্রোনও বিতরণ করবে রাজ্য। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, আগে এই খাতের বরাদ্দ ছিল মাত্র ২০৮ কোটি টাকা। যা এবার দ্বিগুণ হয়েছে। আগের সরকারের আমলে এই খাতে হওয়া অনিয়ম নিয়ে বলেন, ‘বাংলা কৃষি সেচ যোজনার অধীনে যত স্প্রিংকলার দেওয়া হয়েছিল, তার ৯৯ শতাংশ পড়ে রয়েছে চাষির ঘরে। বিতরণের পর সেগুলি মাঠে স্থাপন করে দেওয়ার কাজটাই করা হয়নি।’



