নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনূর্ধ্ব-১৫ সুব্রত কাপে চ্যাম্পিয়ন ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। সর্বভারতীয় স্তরে বাংলার স্কুলের কৃতিত্ব নিঃসন্দেহে তারিফযোগ্য। কিন্তু উচ্ছ্বাস থিতিয়ে যাওয়ার আগেই তীব্র বিতর্ক শুরু। নাম ও বয়স ভাঁড়িয়ে ফুটবলার খেলানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। দেব শী, রাসবিহারী হাঁসদা, অসিত মান্ডিদের নাকি খেলানো হয়েছে যথাক্রমে তরুণ মাহাতো, রাজেন সোরেন, রাইসেন মান্ডির নামে। শুধু তাই নয়, বয়সের ফারাকও অনেকটাই বেশি। এবিষয়ে স্কুলের প্রধানশিক্ষক শৈবাল মহাপাত্র বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ। আমরা বাংলার প্রতিনিধিত্ব করেছি। সব তথ্য ও নথি পর্ষদ মারফৎ পাঠানো হয়েছে।’



