Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি-বোলপুর রাস্তা দ্রুত সংস্কারের দাবি

সিউড়ি-বোলপুর রাস্তা দ্রুত সংস্কারের দাবি
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সাঁইথিয়া: পিচের আস্তরণ উঠে পাথর বেরিয়ে পড়েছে রাস্তায়। তার মধ্যেই গাড়ি যাতায়াত করায় ধুলোয় ঢাকছে এলাকা। সংস্কারের অভাবে কয়েক বছর ধরে সিউড়ির হাটজনবাজারে সিউড়ি-বোলপুর বাইপাস রাস্তা বেহাল হয়ে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা রাস্তা দিয়েই গাড়ি যাতায়াত করছে। ফলে ধুলোয় ঢাকছে গোটা এলাকা। খারাপ রাস্তার কারণে গাড়ি, টোটো সহ যানবাহন মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ছে। ওই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 
Advertisement
সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্যত বেহাল হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় যাতায়াত করতে গেলেই সমস্যায় পড়তে হয়। কিছুদিন আগে ছোটপাথর দিয়ে রাস্তার খানাখন্দগুলি ভরাট করা হয়। বর্তমানে হাটজনবাজারের রেল ওভারব্রিজের কাজ চলছে। আর বেশিরভাগ সময় রেলগেট বন্ধ থাকায় হাটজনবাজার রেলগেটের কাছে প্রধান রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে অনেকেই যানজট এড়াতে বাইপাস রাস্তা ব্যবহার করেন। ফলে ওই রাস্তায় গাড়ির চাপও বেড়েছে। 
স্থানীয় এক বাসিন্দা বলেন, কয়েকদিন আগে রাস্তায় মোরাম ফেলে সংস্কার করা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। কিছু কিছু জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পিঙ্কি দাস বলেন, রাস্তাটি জেলা পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা জেলা পরিষদকে অনেকবার জানিয়েছি। রাস্তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন সাংসদ শতাব্দী রায়ও। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।
সম্পর্কিত সংবাদ