Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আমিষ ভোগ খেলেন শুভেন্দু

বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। তারই মাঝে বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কালীঘাট মন্দিরে পুজো দিয়ে  আমিষ ভোগ খেলেন শুভেন্দু
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। তারই মাঝে বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সকলের মঙ্গল কামনা করেন। আমিষ ভোগ খান। মাছের মুড়ো, মাছ ভাজা, বাসন্তী পোলাও ইত্যাদি ছিল ভোগে। 

Advertisement

দুর্গাপুজোয় সময় বাঙালিদের আমিষ খাবার পরিহারের পরামর্শ দেওয়ায় বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়ে বিতর্ক অব্যাহত। কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন, তা কারও উপর চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ‌্যমন্ত্রী বলেন, উনি দেশপ্রেম ও রাষ্ট্রবাদের কথা বলেছেন। সেইসঙ্গে নিজের মত ব্যক্ত করেছেন। সেটা কারও উপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। যাঁদের গ্রহণ করার ইচ্ছা, তাঁরা করবেন। যাঁদের গ্রহণ করার ইচ্ছা নেই, তাঁরা করবেন না।
কিন্তু মুখ্যমন্ত্রী এটাও জানান, ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি ভবানীপুর থানার সামনে পুড়িয়ে ঠিক করেননি। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের গ্রেপ্তার করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যদিও কড়েয়া থানায় এদিন ফের ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ কলকাতার কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আমি দিল্লিতে কর্মসূচিতে রয়েছি। কলকাতায় ফিরে আরও একাধিক থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। যিনি বাঙালির দুর্গাপুজোকে কটাক্ষ করেছেন, তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সরব হব। পাশাপাশি এদিন হাওড়া থানায় ধীরেন্দ্র শাস্ত্রীর নামে অভিযোগ দায়ের করেছে সমাজবাদী পার্টির হাওড়া জেলা কমিটি। সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শ্রীকান্ত ঘোষ বলেন, দুর্গাপুজোর সময় বাঙালি আমিষ না নিরামিষ খাবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু ধীরেন্দ্র শাস্ত্রী বাঙালিকে অপমান করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ