নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, দিনহাটা: আর মাত্র তিনদিনের অপেক্ষা। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলার উদ্বোধন হবে। শনিবার মুখ্যমন্ত্রীর সফরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এমজেএন স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্য পুলিশের পদস্থ কর্তারা।
এদিন প্রথমে মদনমোহন মন্দির পরিদর্শন করেন উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন। জেলাশাসক রাসচক্র ঘুরিয়ে মঙ্গলবার উৎসবের সূচনা করবেন। রাসচক্র ঘোরাতে দুপুর থেকেই শয়ে শয়ে ভক্তরা ভিড় করবেন। এদিন মদনমোহন মন্দিরের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। মদনমোহন মন্দির থেকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত চৌধুরী ও কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব ও পুলিশ সুপার মণীশ যোশিকে নিয়ে পায়ে হেঁটে এমজেএন স্টেডিয়ামে আসেন উত্তরবঙ্গের আইজি।
এই স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাসমেলার উদ্বোধন করবেন বলে প্রশাসন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে বিশালা মঞ্চ বাঁধার কাজ চলছে। এদিন সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্য পুলিশের কর্তারা। মঞ্চের নিরাপত্তা নিয়ে আইজি নিজে ঠিকাদার সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি স্টেডিয়ামের প্রবেশ ও বাহির পথ ঘুরে দেখেন। বিকেলে পুলিশ সুপারের অফিসে প্রশাসনের আধিকারিকদের নিয়ে টানা বৈঠক করেন।
এদিকে, রাসমেলা মাঠে জেলা ও জেলার বাইরে থেকে আসা ব্যবসায়ীরা তাঁদের স্টল তৈরির কাজ চলছে জোরকদমে। প্রতি বছরের মতো এবারেও রাসমেলার বিশেষ আকর্ষণ ‘টমটম গাড়ি’ নিয়ে হাজির হয়েছেন বিহার থেকে আসা ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী দুই শতাব্দী প্রাচীন রাজ আমলের রাসমেলা ঘিরে সেজে উঠছে গোটা শহর। পুরসভার তরফে চলছে রাস্তার ভাঙা অংশ সংস্কারের কাজ, নিকাশিনালা পরিষ্কার। • নিজস্ব চিত্র।



