নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আর গোপন নেই। প্রকাশ্যেই চলছে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার, কুরুচিকর মন্তব্য। এমনকি, বিধায়কদের কেউ কেউ এই কোন্দলে সরাসরি ইন্ধন দিচ্ছেন বলেও অভিযোগ। বিষয়টি ধামাচাপা দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্পাঞ্চল এলাকার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তিনি সেখানে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য করা যাবে না। বিভিন্ন সরকারি প্রকল্পকে বাস্তবায়িত করার উদ্যোগ নিতে হবে।
প্রসঙ্গত, বারাকপুর শিল্পাঞ্চলের তিন বিধায়ক অর্জুন সিং, কৌস্তভ বাগচী ও রাজেশ কুমারের দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়েছে। এমনকি, অর্জুন শিবিরের নেতা সঞ্জয় যাদব প্রকাশ্যেই বিধায়ক কৌস্তভ বাগচীর বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। যাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে বসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন, দু’পক্ষকে নিয়ে তিনি বৈঠকে বসবেন। সেই মতো মঙ্গলবার রাতে কাঁকিনাড়ায় একটি জুটমিলের গেস্ট হাউসে বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়ে দেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রকাশ্যে কেউ বিবৃতি দিতে পারবেন না। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ চলছে। যাঁদের সত্যি প্রয়োজন রয়েছে, তাঁরা যাতে প্রকল্পের সুবিধা পান, তা বিধায়কদের দেখতে হবে।



