সংবাদদাতা বেলদা: ফের সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় নদীর তীরবর্তী নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে। সোমবার রাত থেকে দাঁতন ১ ব্লকের আঙ্গুয়া পঞ্চায়েতের একাধিক গ্রামে ঢুকেছে নদীর জল। জলের নীচে চলে গিয়েছে বেশ কিছু রাস্তা। বিভিন্ন জায়গায় চাষের জমি জলের তলায় বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকে সুবর্ণরেখা নদীতে জল বাড়তে শুরু করে। তার জেরে নদী তীরবর্তী আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের নৈকুল বৈচা, বড়বাগড়া, মানিকা ডাঙ্গর, কুঞ্জ বাগড়া সহ বেশকিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। কয়েকটি জায়গায় রাস্তার উপর দিয়ে বইছে জল।
বিডিও চিরঞ্জিত রায় বলেন, রবিবার রাতে জল বাড়লেও সোমবার ধীরে ধীরে সেই জল নামতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে নিচু এলাকাগুলিতে জল বাড়লে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হবে।দাঁতনের পাশাপাশি কেশিয়াড়ি ব্লকে নদীর তীরবর্তী বেশকিছু নিচুএলাকায় জল ঢুকতে শুরু করেছে। রবিবার রাত থেকে বাগাস্তি পঞ্চায়েতের কুলবনী ও নছিপুর সহ বেশকিছু এলাকায় নদীর জল ঢুকতে থাকে। সোমবার কুলবনী এলাকায় গ্রাম পরিদর্শনে যান কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু। বিধায়ক বলেন, প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।-নিজস্ব চিত্র