Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নমানের সামগ্রীতে উপ স্বাস্থ্যকেন্দ্র সংস্কার

উপ স্বাস্থ্যকেন্দ্রের ভবন সংস্কার হচ্ছে। কিন্তু সেই সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্ৰী। শুধু তাই নয়, যে গতিতে কাজ চলছে তাতে সময়মতো কাজ শেষ হবে না

নিম্নমানের সামগ্রীতে উপ স্বাস্থ্যকেন্দ্র সংস্কার
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: উপ স্বাস্থ্যকেন্দ্রের ভবন সংস্কার হচ্ছে। কিন্তু সেই সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্ৰী। শুধু তাই নয়, যে গতিতে কাজ চলছে তাতে সময়মতো কাজ শেষ হবে না। এরই প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ পঞ্চায়েতের কামাতবিন্দি ৫৯ নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও অভিযোগ মানতে চাননি ঠিকাদার সংস্থার লোকজন। 

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতবছর উপ স্বাস্থ্যকেন্দ্রের ভবন সংস্কারের কাজ শুরু করা হয়েছে। একবছর অতিক্রান্ত হলেও কাজ এখনও শেষ করে উঠতে পারেনি ঠিকাদার সংস্থা। পাশাপাশি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। উপ স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে বালি ও সিমেন্টের মিশ্রণ ঠিকঠাক নেই বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ, সরকারি টাকা অপচয় হচ্ছে। 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বুলু রায় বলেন, যেভাবে কাজ হচ্ছে তাতে অল্প কিছুদিনের মধ্যেই দেওয়ালে পলেস্তারা খসে পড়বে। আমরা চাই, সঠিক পদ্ধতি মেনে যাতে কাজ হয়। নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। আরএক বাসিন্দা ঝন্টু রায় সরকার বলেন, এই উপ স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনও পানীয় জলের ব্যবস্থা। গতবছর ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে। একবছর অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। স্থানীয় নদী থেকে বালি নিয়ে এসে কাজ হচ্ছে। এসব অনিয়ম বন্ধ করতেই এদিন আমরা উপ স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাই। 
নির্মাণ স্থলে উপস্থিত ঠিকাদার সংস্থার লোকজন জানিয়েছেন, কাজ ঠিকঠাকই হচ্ছে। যদিও এ বিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা বলেন, ওই উপ স্বাস্থ্যকেন্দ্র থেকে মূলত শিশু ও গর্ভবতী মহিলারা পরিষেবা নিয়ে থাকে। কাজের মানের ব্যাপারে যে অভিযোগ গ্রামবাসীরা করছেন, তা নিয়ে খোঁজখবর নেব। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ