নিজস্ব প্রতিনধি, সিউড়ি: বুধবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক করা হয়। এদিনের বৈঠকে স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণ সহ পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তার দিকটিতে জোর দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপার সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে জেলাশাসক বলেন, পরিকাঠামো উন্নয়ন সহ রোগী পরিষেবার একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে। সেইসঙ্গে সিটিস্ক্যান, ডায়ালেসিস ইউনিটের মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত্রিসাথী প্রকল্পের অধীনে নার্সিং স্টেশনগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা সুনিশ্চিতকরণের কাজে জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে মোট ১২টি নার্সিং স্টেশনে সেই কাজ চলছে। প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে লোহার গ্রিল দিয়ে ওই নার্সিং স্টেশনগুলিকে ঘেরা হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই সেই কাজ শেষ করার ভাবনা রয়েছে।



