Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি শহরে যানজট মোকাবিলার কড়া পদক্ষেপ  

সিউড়ি শহরে যানজট মোকাবিলার কড়া পদক্ষেপ  
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি শহরকে যানজট মোকাবিলায় এবং বেআইনি মাদক দ্রব্য বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা প্রশাসন। শুক্রবার সিউড়ি প্রশাসনিক ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) নিতু শুক্লা, এসডিও, ডিএসপি(ডিঅ্যান্ডটি) অয়ন সাধু, ডিএসপি ট্রাফিক, সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রমুখ। 
Advertisement
দীর্ঘদিন ধরে সিউড়ি শহরের অন্যতম সমস্যা এই যানজট। শহরের বিভিন্ন রাস্তার ধারে ফুটপাত দখল করে রয়েছে দোকানপাট। এছাড়া রাস্তার ধারের দোকানগুলিতে চলছে বেআইনি পার্কিং, বেপরোয়া টোটো দৌরাত্ম্য। বেআইনিভাবে রাস্তার যেখানে সেখানে টোটো ও অটো পার্কিং করা হচ্ছে। তার জেরে যানজট নিত্যদিনের সমস্যা। এনিয়ে বিরক্ত সাধারণ মানুষ। সেই কারণেই শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। শহরে নির্দিষ্ট জায়গায় টোটো পার্কিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া গ্রামের টোটো শহরে ঢোকার বিষয়ে একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এছাড়া জোড়-বিজোড় সংখ্যার টোটো চালানোর বিষয়টিও ভাবা হচ্ছে। কারণ, সিউড়ি শহরে আশেপাশের গ্রামাঞ্চলের অনেকেও টোটো চালাচ্ছেন। ফলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছিল। 
এই সব কিছুর সঙ্গে সিউড়ি শহরে বেআইনি মাদক বিক্রি বন্ধের জন্য বিশেষ আলোচনা হয়। পুলিসের দাবি, নিয়মিত শহরে বেআইনি মাদক দ্রব্য বিক্রি বন্ধের অভিযান চলছে। তারপরেও এই কারবার বন্ধের জন্য বিভিন্ন ক্লাব, রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে সাহায্য  চাওয়া হয়েছে। ডিএসপি(ডিঅ্যান্ডটি) বলেন, পুলিস যানজট মুক্ত শহরের জন্য সবরকমের চেষ্টা করছে। এদিনের বৈঠকের পর যৌথভাবে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া শহরকে মাদকমুক্ত করার জন্যও কড়া পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত হয়েছে।  সিউড়ি পুরসভার চেয়ারম্যান বলেন, শহরের যানজট মুক্ত করার জন্য অনেক প্রচেষ্টা চলছে। এদিনের বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সম্পর্কিত সংবাদ